আসন্ন নির্বাচনে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার ইঙ্গিত দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী বছর আবার এ লালকেল্লায় তিনি বক্তব্য দিতে আসবেন এবং দেশের মানুষের আশা-আকাক্সক্ষা, সাফল্য ও উন্নয়নের কথা তুলে ধরবেন বলে মন্তব্য করেন তিনি। গতকাল মঙ্গলবার স্বাধীনতার ৭৭ বছর উদযাপন করে ভারত। দিবসটি উপলক্ষে দিল্লির লালকেল্লায় জাতির উদ্দেশে বক্তব্যে মোদি বলেন, ‘আগামী পাঁচ বছরে দেশের অভূতপূর্ব উন্নয়ন হবে। পাঁচ বছরের মধ্যে বিশ্বের তিন বৃহৎ অর্থনীতির মধ্যে অন্যতম হবে ভারত। ২০১৪ সালে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলাম। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্মের মাধ্যমে সেই প্রতিশ্রুতিকে বদলে দিয়েছি। আগামী বছরের ১৫ আগস্টের দিন দেশের সাফল্য, আপনাদের অর্জন ও উন্নতির কথা বলতে আবার আসব এ লালকেল্লায়।’ পরবর্তী নির্বাচনের আগে প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার শেষ বক্তব্য। এছাড়াও মণিপুরে সহিংসতার কথাও উঠে এসেছে মোদির ভাষণে। ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে মণিপুর উত্তপ্ত। মা-বোনদের সম্মানহানি হয়েছে। তবে দেশ মণিপুরের সঙ্গে আছে। ধীরে ধীরে সেখানে শান্তি ফিরছে। আমাদের বৈচিত্র্যই আমাদের শক্তি।’
×
