জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ধস্তাধস্তির জেরে অসুস্থ হওয়ার পর স্ট্রোকে মারা গেছেন নাজমুল হাসান তারা (৫৫) নামে সাতক্ষীরার এক ব্যবসায়ী।
নিহত নাজমুল হাসান সদরের মাগুরা বউবাজার এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
তার পরিবারের বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম জানান, শহরের পলাশপোলে নাজমুল হাসানের হার্ডওয়্যারের দোকান ছিল। গতকাল শনিবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে স্থানীয় আব্দুর রহমান বাবু ও নুরুজ্জামানের সঙ্গে নাজমুল হাসানের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে ধস্তাধস্তি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন নাজমুল হাসান। পরে তাকে সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২টার দিকে মারা যান তিনি।
ওসি মহিদুল ইসলাম জানান, এ বিষয়ে মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
