নাশকতার একটি মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
গতকাল বুধবার ঢাকা মহানগর হাকিম সাইফুল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের আদেশ দেন। আগামী ১৭ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
রাজধানীর মতিঝিল থানায় করা এই মামলায় অভিযোগ গঠনের শুনানিকালে কারাগারে থাকা জামায়াতের আমির ও সেক্রেটারি জেনারেলকে আদালতে হাজির করা হয়। তারা আগে থেকে অন্য মামলায় কারাবন্দি।
আসামিপক্ষের আইনজীবীরা জামায়াতের নেতা-কর্মীদের অব্যাহতির আরজি জানিয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন করে বিচার শুরুর আরজি জানায়। উভয় পক্ষের শুনানি শেষে আসামিপক্ষের আবেদন খারিজ করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। জামায়াতের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এস এম কামাল উদ্দিন, আব্দুর রাজ্জাক। রাষ্ট্রপক্ষে ছিলেন হেমায়েত উদ্দিন খান হিরণ। মামলার নথি ও আইনজীবীদের তথ্য মতে, ২০১২ সালের ৫ নভেম্বর জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে এ মামলা হয়।
