দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৩ এএম

দক্ষিণ আফ্রিকায় নিজ দোকানে কর্মরত অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে নোয়াখালীর এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম আবদুল মালেক (৫০)। গত বুধবার স্থানীয় সময় রাত ৮টার দিকে আফ্রিকার ডারবান শহরের এ ঘটনা ঘটে।

গত বৃহস্পতিবার তার মৃত্যুর খবর বাড়িতে আসে। গতকাল শুক্রবার দুপুরে পরিবারের বরাত দিয়ে বিষয়টি জানান বেলাল খন্দকার নামে এক প্রতিবেশী।

আবদুল মালেক বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রামের হাজী কলিম উদ্দিন মিয়াজী বাড়ির আবদুল ওয়াদুদের ছেলে। জেলা শহর মাইজদীর খন্দকার পাড়া এলাকায় নতুন বাড়ি করে পরিবারের সদস্যরা বসবাস করছেন।

নিহতের স্বজন ও এলাকাবাসীরা জানান, আবদুল মালেকের স্ত্রী ও দুই মেয়ে পরিবারের সঙ্গে জেলা শহর মাইজদীতে বসবাস করে। তিনি ১৭ থেকে ১৮ বছর আফ্রিকার ডারবান শহরে ব্যবসা করছেন। বুধবার রাত ৮ টার দিকে তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন। ওই সময় সেই দেশি কয়েকজন অস্ত্রধারী ডাকাত তার প্রতিষ্ঠানে হামলা চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডারবান শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রবাসী মালেকের লাশ বাংলাদেশে আনার ব্যবস্থা জন্য পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীসহ সবার সহযোগিতা কামনা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত