রাজধানীর বিমানবন্দরসংলগ্ন শেওড়া এলাকায় ট্রেনের ধাক্কায় তমজিদুল ইসলাম (৩৫) নামে এক যুবক মারা গেছেন। গত শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ১০০ নম্বর ওয়ার্ডে মারা যান তমজিদুল। তার মাথায় গুরুতর আঘাত ছিল। মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করেছে রেলওয়ে থানা পুলিশ।
তমজিদুলকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আবদুল আল ফয়সাল জানান, গত শুক্রবার সন্ধ্যায় শেওড়া ফুটওভার ব্রিজসংলগ্ন রেললাইনে মানুষের জটলা দেখতে পান তিনি। কাছে গিয়ে জানতে পারেন, দুই দিক থেকে আসা দুটি ট্রেনের যেকোনো একটির সঙ্গে ধাক্কা লেগে রেললাইনের পাশের জঙ্গলে পড়ে যান ওই যুবক। তিনি ওই যুবককে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে রাত ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করান।
তিনি আরও জানান, ওই যুবকের সঙ্গে থাকা ব্যাগে থাকা এনআইডি কার্ড এবং বিভিন্ন কাগজপত্র দেখে পরিচয় শনাক্তের পর স্বজনদের খবর দেওয়া হয়।
নিহত তমজিদুলের ভায়রা মো. কাউসার হোসেন জানান, তার বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার হিরামনি উত্তরপাড়া গ্রামে। বাবার নাম আইয়ুব আলী। তিনি ঢাকার কেরানীগঞ্জে থাকতেন। সেখানে একটি সোয়েটার কারখানায় চাকরি করতেন।
