লঘুচাপ, নিম্নচাপ, বজ্রঝড়, তাপপ্রবাহ, বন্যা— সবই হতে পারে সেপ্টেম্বরে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৪ পিএম

চলতি সেপ্টেম্বর মাসে বৃষ্টিপাত, লঘুচাপ, নিম্নচাপ, বজ্রঝড়, তাপপ্রবাহ, বন্যা— সবই হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রবিবার (০৩ সেপ্টেম্বর) 'সেপ্টেম্বর মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে’ এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাব্না রয়েছে। তবে বঙ্গোপসাগরে এক থেকে দুটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিন দিন বিজলি চমকানোসহ মাঝারি ধরনের বজ্রঝড় এবং সারা দেশে তিন থেকে পাঁচ দিন বিজলি চমকানোসহ হালকা বজ্রঝড় হতে পারে। সেই সঙ্গে দেশে দুই বা তিনটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সেপ্টম্বর মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে মৌসুমী ভারী বৃষ্টিপাতজনিত কারণে কতিপয় স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থির সৃষ্টি হতে পারে।

এ ছাড়া আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, ১, ১৭ ও ২৯ থেকে ৩১ আগস্ট পর্যন্ত বিচ্ছিন্নভাবে দেশে মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৮.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা যথাক্রমে .৬ ডিগ্রি সেলসিয়াস ও .৪ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং সারা দেশে গড় তাপমাত্রা .৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

এতে আরও বলা হয়েছে, আগস্ট মাসে সারা দেশে স্বাভাবিক অপেক্ষা ৩৫.৯ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। তবে ময়মনসিংহ ও খুলনা বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। সেই সঙ্গে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে এ মাসে দেশের অনেক স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হয়। এ মাসে দৈনিক সর্বোচ্চ বৃষ্টিপাত চট্টগ্রামে ৩২২ মিলিমিটার রেকর্ড করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত