বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট সরকার। এ সরকারের কাছে দেশের গণতন্ত্র ও জনগণ কিছুই নিরাপদ নয়। সরকার সারাদেশে সন্ত্রাস করে, জনগণের ওপর অত্যাচার করে ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু জনগণ এবার রুখে দাঁড়াবে। জনগণের প্রতিরোধের কাছেই এরা (ক্ষমতাসীন সরকার) পরাজিত হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর শমরিতা হাসপাতালে কুমিল্লার লালমাইয়ে সম্প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা আহত বিএনপি নেতাকর্মীদের দেখতে গিয়ে মির্জা ফখরুল এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, কুমিল্লার লালমাই থানার এক সাংগঠনিক সভা একটি বাসায় চলাকালে স্থানীয় মন্ত্রী-এমপির ভাইয়ের নেতৃত্ব হামলা চালানো হয়। এমনভাবে হামলা চালানো হয়েছে আহতরা বাঁচতে নাও পারত। এমনকি গুলিও চালানো হয়েছে। এখানে কয়েকজন গুলিবিদ্ধ কর্মী চিকিৎসাধীন। পরিস্থিতি সরকার এমন একটি পর্যায়ে নিয়ে গেছে, মফস্বলে বাসায় বসে সভা করলেও সেখানেও অস্ত্র নিয়ে আক্রমণ চালানো হচ্ছে। এগুলো করে তারা দেশকে সন্ত্রাসের রাজত্বে পরিণত করেছে।
এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, ড্যাবের নেতা কেন্দ্রীয় নেতা ডা. সিরাজুল ইসলাম, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
