সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে ৩১টি সোনার বারসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার সকালে বৈকারী সীমান্তের বৈকারী সরদারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের গোপন খবরে গতকাল ওই এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি চৌকস আভিযানিক দল। আনুমানিক সকাল ৭টায় ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বৈকারীর বাবর আলীর ছেলে মো. তুহিন (২০) ও জাহাঙ্গীর হোসেনের ছেলে সজীব সরদারকে (২২) দুটি মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তল্লাশি করে মোটরসাইকেলের ব্যাক চেচিস পাইপের ভেতরে লুকানো
৩১টি সোনার বার উদ্ধার করেন বিজিবি সদস্যরা। উদ্ধার করা সোনার ওজন ৭ কেজি ৩৫৮ গ্রাম। আসামিদের সাতক্ষীরা থানায় সোপর্দ করা হয়েছে।
