‘কনসার্ট ফর বাংলাদেশ: দুই বন্ধু এক দেশ’ স্প্যানিশ ভাষায় প্রকাশিত

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৫ পিএম

বাংলাদেশি লেখক আবু সাঈদ ও ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের লেখক প্রিয়জিৎ দেবসরকারের ‘কনসার্ট ফর বাংলাদেশ: দুই বন্ধু এক দেশ’ শীর্ষক বইটি স্প্যানিশ ভাষায় প্রকাশিত হয়েছে। পেরুর প্রকাশনা সংস্থা মানো আলজাদা বইটি প্রকাশ করেছে। এর আগে বইটি বাংলা ও ইংরেজি ভাষায় বাংলাদেশের প্রকাশনা সংস্থা স্বপ্ন ’৭১ থেকে প্রকাশিত হয়।

গত ০২ সেপ্টেম্বর পেরুর কাজামার্কা বইমেলায় ‘জর্জ হ্যারিসন অ্যান্ড দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। প্রকাশনা অনুষ্ঠানে বইটি নিয়ে আলোচনা করেন মানো আলজাদা প্রকাশনার প্রকাশক ওয়াল্টার ভিলানুয়েভা, বিশিষ্ট সংগীতজ্ঞ পোচো ভেলাসকেজ, লেখক ক্রিশ্চিয়ান শ্যাভেজ। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন আবু সাঈদ ও প্রিয়জিৎ দেবসরকার।

ওয়াল্টার ভিলানুয়েভা বলেন, তিন বছর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকীতে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের কারণে বাংলাদেশের মুক্তিসংগ্রামের ঐতিহাসিক তাৎপর্য সম্পর্কে জানতে পারি। সে সময়ে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশে যে গণহত্যা চালায় তার বিরুদ্ধে জর্জ হ্যারিসন, বব ডিলান, এরিক ক্ল্যাপটনের মতো সংগীতশিল্পীরা একাত্মতা প্রকাশ করেছিলেন। সেই কাহিনি নিয়ে এই বই।

তিনি আরও বলেন, বইটি প্রকাশের মাধ্যমে বাংলাদেশ ও পেরুর মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধ সৃষ্টি হলো। আগামী দিনে আমরা দুই দেশের শিল্প–সাহিত্য–ইতিহাসসহ নানা রকমের আয়োজনে যুক্ত থাকব। উল্লেখ্য, এই বইটি অনুবাদ করেছেন ভাষাবিদ এনরিক ফার্নান্দো লিওন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত