আনুষ্ঠানিকভাবে গাজীপুর সিটি কর্পোরেশন মেয়রের দায়িত্বগ্রহণ করেছেন জায়েদা খাতুন। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাহী কর্মকর্তার কাছ থেকে দায়িত্বগ্রহণ করেন তিনি। মেয়র জায়েদা খাতুন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের মা।
অভিষেক অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকে নগরীর ৫৭ টি ওয়ার্ড থেকে শত শত নেতা-কর্মী ও সমর্থকরা বিভিন্ন যানবাহনে বাদ্যযন্ত্র বাজিয়ে নগর ভবন, বঙ্গতাজ অডিটরিয়াম এবং রথখোলা এলাকায় আসেন। অনুষ্ঠানকে ঘিরে সিটি করপোরেশন এলাকায় দেখা যায় উৎসবের আমেজ।
অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, সিটি করপোরেশনের সচিব আব্দুল হান্নান, বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী এবং নবনির্বাচিত কাউন্সিলররা এ সময় উপস্থিত ছিলেন।
অভিষেক অনুষ্ঠানে জায়েদা বলেন, ‘আপনারা ভোট দিয়ে আমাকে মেয়র নির্বাচিত করেছেন। আমার ছেলে জাহাঙ্গীর আলমকেও ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। এজন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
তিনি সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীদের সততার সঙ্গে নগরবাসীকে সেবা দেওয়ার আহ্বান জানান।
অভিষেক অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। এ সময় তিনি বলেন, ‘আপনারা মাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। মা বলেছেন তার জীবনবাজী রেখে আপনাদের পাশে থাকবেন, সেবা দেবেন।’
