ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার মুসলিম অধ্যুষিত নুহ জেলায় গত জুলাইয়ে সাম্প্রদায়িক দাঙ্গার মূল উসকানিদাতা সন্দেহে কট্টর হিন্দুত্ববাদী নেতা মনু মানেসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার হরিয়ানা পুলিশ তাকে গ্রেপ্তারের পর ব্যাপক নিরাপত্তাব্যবস্থার মধ্যে আদালতে হাজির করে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, হরিয়ানা পুলিশের সূত্র বলছে, তথ্যপ্রযুক্তি আইনের জামিনযোগ্য ধারায় মানেসারকে গ্রেপ্তার করা হয়। তবে জামিন হলেও রাজস্থান পুলিশ তাকে জোড়া খুনের মামলায় হেফাজতে নেবে। কারণ ভারতের কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠী বজরং দলের কর্মী মনু মানেসার রাজস্থানের দুই মুসলিম যুবককে পিটিয়ে-পুড়িয়ে হত্যার এক মামলার মূল অভিযুক্ত। প্রসঙ্গত, গত জুলাইয়ে হরিয়ানার নুহ জেলার হিন্দু-মুসলিম দাঙ্গায় কমপক্ষে ছয়জনের প্রাণহানি ঘটে।
×
