চলন্ত ট্রেনের সাপ ছেড়ে দিলেন সাপুড়ে, অতঃপর...

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪০ এএম

ট্রেনে সাপ খেলা দেখাতে ট্রেনে ওঠে চার সাপুড়ে। চলন্ত ট্রেনে বাঁশি বাজিয়ে সাপ খেলা দেখাতে শুরু করে তারা। এর বিনিময়ে একজন যাত্রীদের কাছে টাকা চাইতে শুরু করেন। অনেকে দেন আবার আপত্তি জানান অনেকে। আশানুরূপ টাকা না পেয়ে ট্রেনের ভেতরেই সাপ ছেড়ে দেন তারা। আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনের বগিটিতে। এমনটিই ঘটেছে ভারতের উত্তর প্রদেশের একটি ট্রেনে।

জানা গেছে, পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশন থেকে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের মধ্যে চলাচল করা চম্বল এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটেছে।

ওই ট্রেনের একজন যাত্রী বলেন, উত্তর প্রদেশ রাজ্যের বান্দা স্টেশন থেকে চার সাপুড়ের একটি দল সাপ খেলা দেখাতে ট্রেনে ওঠে। তারা ট্রেনে বাঁশি বাজিয়ে সাপ খেলা দেখাতে শুরু করেন। এর বিনিময়ে তাদের একজন যাত্রীদের কাছে টাকা চান। এতে কেউ কেউ সাড়া দেন। আবার কেউ আপত্তি জানান। এতেই বাধে বিপত্তি।

ওই যাত্রী বলেন, সাপুড়েরা যাত্রীদের কাছ থেকে চাহিদামতো টাকা না পেয়ে কয়েকটি সাপ ট্রেনের মেঝেতে ছেড়ে দেন। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা এদিক-সেদিক ছুটতে থাকেন। সংশ্লিষ্ট বগির বেশির ভাগ যাত্রী আপার বার্থে (ওপরের আসন) উঠে পড়েন। আবার অনেকে শৌচাগারে আশ্রয় নেন। এমন পরিস্থিতি আধা ঘণ্টার বেশি সময় ধরে চলতে থাকে। পরে একজন ট্রেনের জরুরি নম্বরে ফোন করে বিষয়টি জানান।

রেলের মাহোবা স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা অখিলেশ প্রতাপ সিংহ বলেন, তারা রেলের নিয়ন্ত্রণকক্ষ থেকে সাপ ছেড়ে দেওয়ার খবর পেয়ে সাপুড়েদের ধরতে তৎপরতা শুরু করেন। তিনি জানান, একপর্যায়ে সাপুড়েরা ওই সাপগুলো ধরে তাদের বাক্সে ঢোকান এবং বান্দার পরের স্টেশন মাহোবায় প্রবেশের আগমুহূর্তে ট্রেন থেকে নেমে যান। তবে এ ঘটনায় কোন যাত্রীকে সাপে কাটেনি বলে নিশ্চিত করেছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত