গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করছেন দুটি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল রবিবার সকাল ৮টা থেকে গাজীপুর মহানগরীর গাছা এলাকায় টিআরজেড নামের পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেন।
শ্রমিকরা জানান, জুলাই মাসের ১৫ দিনের বেতন বকেয়া রয়েছে। আগস্ট মাসের বেতন এখনো দেয়নি। সেপ্টেম্বর মাসও শেষ হয়ে আসছে। গত ঈদের সময় কিছু শ্রমিকের বকেয়া রয়েছে। শনিবার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু সন্ধ্যা পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ বেতন না দিলে শ্রমিকরা চলে যান। পরে গতকাল সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে বিক্ষোভ করতে থাকেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ পরিদর্শক জহিরুল হক বলেন, ‘মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। তারা বলেছেন, রবিবার (গতকাল) বিকেলে শ্রমিকদের পাওনা বেতন পরিশোধ করবেন।’
এদিকে গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে কয়েকশ শ্রমিক বকেয়া বেতন-পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসে। ক্ষুব্ধ শ্রমিকরা সড়কের পাশের গাছপালা কেটে মহাসড়কে ফেলে রাখে। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। নির্দিষ্ট সময়ে বকেয়া বেতন পরিশোধ না করায় বিক্ষুব্ধ হয়ে শ্রমিকরা মহাসড়কে নেমে আসে। গতকাল রবিবার রাত পৌনে ১১টার দিকে ইয়াসমিন স্পিনিং মিলের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ এসে তাদের সঙ্গে কথা বলে। তবে বকেয়া পাওনা নিশ্চিত না হলে তারা সরবে না বলেও হুঁশিয়ারি দেয়। এরপর শিল্প-পুলিশ, জেলা ও থানা পুলিশ এসে শ্রমিকদের সঙ্গে কথা বলে। এ সময় অন্তত এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। পরে রাত ১২টার পর হাইওয়ে পুলিশ কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা বলে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে ক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক ছেড়ে যায়।
