একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জিনাত বরকতউল্লাহর মেয়ে অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ গণমাধ্যমকে গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেন।
জিনাত বরকতউল্লাহ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চলতি বছরের শুরুতে মস্তিষ্কে রক্তক্ষরণ ও ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল তাকে। খবর বাসস।
স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারায় নৃত্যচর্চার প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন জিনাত বরকতউল্লাহ। তিনি উপমহাদেশের শাস্ত্রীয় নৃত্যের তিন ধারা ভরতনাট্যম, কত্থক, মণিপুরী নৃত্যে তালিম নিলেও লোকনৃত্যেই নিজেকে সুপ্রতিষ্ঠিত করেন।
গুণী এই শিল্পী ঢাকা বিশ^বিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস একাডেমিতে যোগ দেন। পরে শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা বিভাগের অন্তর্ভুক্ত প্রোডাকশন বিভাগের পরিচালক হিসেবে যোগ দেন। দীর্ঘ ২৭ বছর এখানে কর্মরত ছিলেন তিনি।
নৃত্যশিল্পে বিশেষ অবদানের জন্য জিনাত বরকতউল্লাহ ২০২২ সালে একুশে পদক লাভ করেন।
