কুমিল্লায় জিএম কাদের

সরকার জনগণের অধিকার কেড়ে বৈষম্য সৃষ্টি করছে

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৬ এএম

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, যে বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছিল, বর্তমান সরকার জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশে আবার সেই বৈষম্য ফিরিয়ে এনেছে। সরকার দেশটাকে দুই ভাগে ভাগ করেছে। একটা হলো শাসক, তারা শোষণ করছে, আরেকটা হলো শাসিত, তাদের শোষণ করা হচ্ছে।

গতকাল শনিবার বিকেলে কুমিল্লার তিতাস উপজেলায় জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জিএম কাদের। কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি আমির হোসেন ভূঁইয়ার সভাপতিত্ব জাপা চেয়ারম্যান বলেন, সরকার সাইবার সিকিউরিটি আইনের মাধ্যমে জনগণের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে।

বিশেষ অতিথি পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। যেমন তেমন পরিবেশে নির্বাচন দিলে দেশের জনগণ মেনে নেবে না।

সম্মেলনের বিশেষ অতিথি জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দেবে। জাতীয় পার্টি আর কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না।

সম্মেলনে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আমির হোসেন ভূঁইয়াকে দলটির জেলা সভাপতি ঘোষণা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত