ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম বলেছেন, ‘২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন দেখেছি। শেখ হাসিনা বলেছেন নির্বাচনে আসেন, সুষ্ঠু নির্বাচন করব। কিন্তু দিনের ভোট রাতের বাক্সে ভরে অবৈধ নির্বাচন করা হয়েছে। ২০২৪ সালের নির্বাচনও সুষ্ঠু নির্বাচনের কথা বলছে। আমাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আবার নির্বাচন করতে চাচ্ছে। আমরা আর বোকা হব না।’
গতকাল সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে মুন্সীগঞ্জ শহরের বাগমামুদালী পাড়া এলাকার প্রধান সড়কে জেলা ইসলামী আন্দোলন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম বলেন, এমন একটা নির্বাচন হতে হবে, যে নির্বাচন হবে স্বচ্ছ ও সুষ্ঠু। আমেরিকাও তাই বলছে। অথচ আওয়ামী লীগ নেতারা বলছেন বিদেশিরা কেন হস্তক্ষেপ করছে, ভিসা স্যাংশন আসছে।’ তিনি আরও বলেন, ‘আজকে দেশের বারোটা বেজে গেছে। আমেরিকায় যদি গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে যায়। আর আমাদের যারা আমেরিকায় আছে, তাদের কাজকর্ম বন্ধ হয়ে যায়। তাহলে দেশের পরিস্থিতি খারাপ হয়ে পড়বে।’
