রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৬:৫২ এএম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যুবলীগের স্থানীয় এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার বিকেলে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তিনিকেতন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনজুর হোসেন টাক্কুল (৪৫) স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকজন অস্ত্রধারী মনজুর হোসেনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে গুরুতর অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল্লাহ বলেন, ‘সন্ত্রাসীরা যুবলীগ নেতা মনজুরকে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে।’

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুছ বলেন, ‘যুবলীগ নেতাকে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত