ঢাকায় আসন্ন বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কোনো নাশকতার আশঙ্কা নেই। তবে পুলিশের চেকপোস্ট ও অভিযান অব্যাহত থাকবে। এটা পুলিশের রুটিন কাজ। পাশাপাশি আদালতের পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারেও পুলিশের নিয়মিত কাজ চলমান থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দাপ্রধান হারুন অর রশীদ।
আজ রবিবার সকালে রাজধানীর মিন্টোরোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, প্রতিদিন অনেক বহিরাগত ঢাকায় আসেন। তারা এসে বিভিন্ন অপরাধ করে। রাজধানীতে অনেক কেপিআইভুক্ত স্থাপনা রয়েছে সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং কেউ যাতে নাশকতা না করতে পারে সেজন্য চেকপোস্ট বসানো হয়। এটা পুলিশের রুটিন কাজ। এটা পুলিশ সব সময় করে। অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনার কারণে ঢাকায় মানুষ সুন্দরভাবে চলাচল করতে পারছে। অপরাধ কমে আসছে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা শহরে একসময় একাধিক রাজনৈতিক দল সমাবেশ করতে পারত না। কিন্তু বর্তমানে একই দিনে তিন চারটি সমাবেশ হচ্ছে, প্রত্যেকটি সমাবেশস্থলে পুলিশ নিরাপত্তা দিচ্ছে।
তিনি বলেনে, অতীতে বড়বড় সমাবেশ হয়েছে, কোথাও কোনো নাশকতার ঘটনা ঘটেনি। আগামী ২৮ অক্টোবর কোনো নাশকতার আশঙ্কা নেই। আমরা আশা করি কোনো কিছু ঘটবে না। ডিএমপি কমিশনারের অনুমোদিত সমাবেশে আমরা পর্যাপ্ত নিরাপত্তা দেব। আমরা আশ্বস্ত করতে চাই, ঢাকায় আমাদের চেকপপোস্ট চলবে, অভিযান চলবে, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে আমাদের রুটিন কাজও চলমান থাকবে।
