মানুষ ভুল বুঝেছে, ডিভোর্স তানিয়াই চেয়েছিল: টুটুল

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৮:৩৭ পিএম

ভালোবেসে দুই যুগ আগে বিয়ের পিঁড়িতে বসেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদ। নিজেদের মধ্যে বনিবনা না হওয়ায় গেল বছরের জুলাইয়ে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এর আগে প্রায় ৫ বছরের মতো আলাদা ছিলেন। এই জুটির বিচ্ছেদে চমকে উঠে শোবিজ অঙ্গন, শুরু হয় নানা চর্চা। তবে সেসময় বিচ্ছেদ ইস্যুতে কথা বলতে রাজি ছিলেন না এই দম্পতির কেউই।

কিছুদিন আগে এই ইস্যুতে মুখ খুলেন তানিয়া আহমেদ। তিনি জানিয়েছিলেন, ‘টুটুল একদিন খেপে গিয়ে বলেছিল, আমার এই সাকসেস তোমার সহ্য হয় না। টুটুল আমার ভালোবাসাটাই বুঝতে পারেনি’। যা নিয়ে সোশ্যালেও বেশ চর্চা হয়। এতে প্রশ্ন উঠে, টুটুলের খ্যাতি কেন সহ্য করতে পারতেন না তানিয়া! তবে এবার সেসব ইস্যু নিয়ে মুখ খুলেছেন গায়ক টুটুলও।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এস আই টুটুল বলেন, আমার যখন বড় বড় অ্যাওয়ার্ড পাওয়া শুরু হলো, আমি রিসিভ করতে যাব, সেই অনুষ্ঠানগুলোর কোনোটাতেই আমি অনুরোধ করলেও তানিয়াকে পাশে পাইনি। আমার এই অর্জনগুলোতে আমি ওকে আমার পাশে খুব চাইতাম কিন্তু সে বারবার একই কথা বলত ‘আমি যাব না’। অ্যাওয়ার্ড আমি ওকে উৎসর্গ করব ভেবে রাখতাম কিন্তু ওকে পাইনি।

তিনি জানান, এই বিচ্ছেদ প্রক্রিয়ার কোনো কিছুই তিনি করেননি। বিচ্ছেদের সব প্রক্রিয়া তানিয়া নিজেই তার ছোট ভাই এবং ভাবির মাধ্যমে করিয়েছিল। অথচ সবাই জানল, আমিই নাকি তাকে ডিভোর্স দিয়ে চলে গেছি। মানুষ আমাকে ভুল বুঝেছেন।

টুটুল বলেন, যারা সত্যিকার ভালোবাসে, তারা কখনোই বিচ্ছেদ চায় না। আমি কখনোই তানিয়ার সঙ্গে বিচ্ছেদটা চাইনি। তানিয়াই চেয়েছিল বারবার। কেন চেয়েছিল, সত্যটা সে নিজেই সবচেয়ে ভালো বলতে পারবে। সে স্বাধীনভাবে জীবন যাপন করতে চায়, সংসারের কোনো বাধ্যবাধকতা সে আর একেবারেই চায় না। সে বলেছিল, যখন যেখানে খুশি বেরিয়ে যাবে। কোথায় যাচ্ছে, কখন ফিরবে—এসব কোনো কিছুই আমি জানতেও চাইতে পারব না ইত্যাদি। একসময় সে চলাফেরাও শুরু করেছিল সে রকমভাবেই। এ ছাড়া আমার সঙ্গে তার ব্যবহার-আচার এবং অনেক কিছুই, যা আমি মেনে নিতে পারিনি। তাই বিচ্ছেদে আমিও একসময় রাজি হয়েছিলাম।

তারকাখ্যাতির অহংকার প্রসঙ্গে এই গায়ক বলেন, আমার চাইতেও সে যে একজন বড় সেলিব্রেটি, সেটা কে না জানে? স্ত্রীর সঙ্গে তারকাখ্যাতির অহংকার অবশ্যই কোনো মানসিক রোগী ছাড়া কোনো নরমাল মানুষ করবে না। তবু আমি ক্ষমা চাই, আমার অজান্তে যদি কারও সঙ্গেই এমন কিছু করে থাকি।

১৯৯৯ সালের ১৯ জুলাই ভালোবেসে বিয়ে করেছিলেন এস আই টুটুল ও তানিয়া আহমেদ। তাদের দাম্পত্য জীবন নিয়ে কখনো নেতিবাচক কিছু শোনা যায়নি। এই দম্পতির ঘরে রয়েছে তিন ছেলে ও দুই মেয়ে। পাঁচ বছর আলাদা থাকার পর গত বছরের জুলাইতে তাদের বিচ্ছেদ ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত