কেন শিহাব শাহীনের ওয়েব সিরিজের প্রস্তাব ফেরালেন তৌসিফ

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৭:৩৯ পিএম

কিছুদিন আগেই শেষ হলো জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন পরিচালিত ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ওয়েব সিরিজের শুটিং। সিরিজটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তৌসিফ মাহবুবের অভিনয়ের কথা থাকলেও পরে সেটি ফিরিয়ে দেন। এরপর সেই চরিত্রে অভিনয় করেন ইরফান সাজ্জাদ।

সিরিজটি ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে অভিনেতা তৌসিফ মাহবুব দেশ রূপান্তরকে বলেন, আমি এখনও ওটিটি প্লাটফর্মের জন্য কোনো কাজ করিনি। আমি চাচ্ছি কোনো প্রটাগনিস্ট হিসেবে ওটিটিতে আমার অভিষেক হোক। শিহাব শাহীন ভাইয়ার প্রজেক্টের যে চরিত্রটা নিয়ে আমার সঙ্গে কথা হয়েছে সেটা খল চরিত্র। প্রথমদিকে আমার কাজটি করার ইচ্ছে ছিল কিন্তু পরে শিডিউলজনিত কারণে আর সম্ভব হয়নি। ভাইয়ার সঙ্গে এই কাজ হয়নি পরবর্তীতে হবে। তিনি জানিয়েছেন আগামীতে আমাকে নিয়ে একটা প্রজেক্ট করবেন।

আপনাকে প্রস্তাব দেওয়া সেই চরিত্রে পরে ইরফান সাজ্জাদ অভিনয় করেছেন। তিনি জানিয়েছেন, সিরিজটির গল্প, গল্প এবং চরিত্রটা খুবই ইন্টারেস্টিং। যে কেউ চরিত্রটা পেলে লুফে নেবে। এ প্রসঙ্গে তৌসিফের ভাষ্য, যেহেতু ওটিটির কোনো কাজ করিনি তাই আমি এমন কিছু চাচ্ছিলাম যেটা আগে কখনো নাটকে করিনি। সিরিজটিতে আমার যে চরিত্র ছিল এরকম চরিত্র আমি নাটকে করে ফেলেছি। আর ইরফান সাজ্জাদ ভাইয়ের কথা যদি বলি- উনি অবশ্যই দারুণ অভিনেতা। চরিত্রটা উনার কাছে নতুন লেগেছে এজন্য হয়তো তিনি সেটা করেছেন এবং আমি নিশ্চিত তিনি সেটা ভালোভাবেই করেছেন। উনার জন্য এবং শিহাব শাহীন ভাইয়ের জন্য আমার শুভকামনা।

প্রসঙ্গত, তৌসিফ মাহবুব এখন ব্যস্ত রয়েছেন নাটকের শুটিং নিয়ে। কিছুদিন আগেই প্রবীর রায় চৌধুরী পরিচালিত নাটকটিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন তানজিন তিশা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত