প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন গীতিকার রবিউল ইসলাম জীবন। ‘পরাণ’ সিনেমার ‘ধীরে দীরে তোর স্বপ্নে’ গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এর শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পাচ্ছেন তিনি। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে পুরস্কার বিজয়ীদের ঘোষণা করে এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
পুরস্কার প্রাপ্তির ঘোষণায় বেশ উচ্ছ্বসিত রবিউল ইসলাম জীবন দেশ রূপান্তরকে বলেন, ‘আমি অনেক বেশি খুশি। আমি জানতাম একদিন না একদিন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাব। অনেক দিন থেকেই তো গান লিখি, প্রায় বিশ বছরের ক্যারিয়ার। বিশ্বাস ছিল একদিন এই সম্মাননা পাব। অবশেষে সেটা সত্যি হলো।’
তিনি আরও বলেন, ‘রাষ্ট্রীয় স্বীকৃতি প্রাপ্তির জন্য প্রত্যেকেরই একটা তীব্র প্রত্যাশা থাকে। আমারও সেই আশা ছিল। আমার এ স্বপ্ন পূরণের জন্য রাষ্ট্র আমাকে নির্বাচিত করেছে এজন্য রাষ্ট্রের কর্তাব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে সম্মানিত জুরিবোর্ডের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। ‘পরাণ’ সিনেমায় আমার লেখা গানটি শ্রুতিমধুর ছিল, শ্রোতারা পছন্দ করেছেন- এজন্য তাদের ধন্যবাদ জানাই। সিনেমাটির পরিচালক রায়হান রাফী, গানটির সুরকার ও সংগীত পরিচালক বন্ধু ইমন চৌধুরী, গায়িকা লুইপা, পর্দার অভনয়শিল্পী বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান এবং এই সিনেমার সঙ্গে যুক্ত সবাই এই প্রাপ্তির অংশীদার বলে মনে করছি।’
দায়িত্ব বেড়েছে জানিয়ে এই গীতিকার আরও বলেন, রাষ্ট্রীয় এই সম্মাননার পর স্বভাবতই দায়িত্ব অনেক বেড়েছে। এখন চেষ্টা থাকবে আরও অনেক ভালো ভালো গান লেখার।
এবছর আজীবন সম্মাননাসহ ২৭টি বিভাগে মোট ৩২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে। আতিয়া আক্তার আনিসা ছাড়াও এবার শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার যুগ্মভাবে পেয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ‘পরাণ’। প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন সুচিন্ত্য চৌধুরী (চঞ্চল চৌধুরী)। ‘হাওয়া’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। আর প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান (বিউটি সার্কাস) ও রিকিতা নন্দিনী শিমু (শিমু)। ‘পায়ের ছাপ’ সিনেমার ‘এই শহরের পথে পথে’ গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এর শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পাচ্ছেন আতিয়া আনিসা। আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন অভিনেতা ও মুক্তিযোদ্ধা খসরু এবং চিত্রনায়িকা রোজিনা।
বাংলাদেশের চলচ্চিত্রের একমাত্র রাষ্ট্রীয় ও সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ১৯৭৫ সাল থেকে এই পুরস্কারটি প্রদান করা হচ্ছে। পুরস্কার হিসেবে আঠারো ক্যারেট মানের পনের গ্রাম স্বর্ণের একটি পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়। সেই সাথে আজীবন সম্মাননাপ্রাপ্তকে তিন লাখ টাকা দেয়া হয়। শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক প্রত্যেকে দুই লাখ এবং অন্যান্যদের এক লাখ টাকা প্রদান করা হয়।
