ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর ও নৃশংস বোমাবর্ষণ বন্ধের দাবিতে মুসলিম রাষ্ট্রগুলোকে ইসরায়েলে তেল ও খাদ্য রপ্তানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমনকি, ইসরায়েলকে বয়কট করার দাবিও জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় বুধবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ছাত্রদের একটি দলের সাথে সাক্ষাতের সময় বক্তৃতায় গাজা উপত্যকায় নির্বিচারে হত্যার প্রতিক্রিয়ায় এসব আহ্বান জানান তিনি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানায় বার্তাসংস্থা আল জাজিরা।
তিনি আরও বলেন, ‘গাজায় বোমা হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। ইহুদিবাদী শাসকদের কাছে তেল ও খাদ্য রপ্তানির পথ বন্ধ করা উচিত।"
বক্তৃতায় ইরানের সর্বোচ্চ নেতা বলেন, গাজায় অবিলম্বে ইসরায়েলের বোমা হামলা বন্ধ করতে হবে। সেখানে হামাসের সঙ্গে ইসরয়েলের যুদ্ধ নয় বরং সত্যের সঙ্গে খোদাদ্রোহী শক্তির যুদ্ধ চলছে।
গাজায় চলমান মানবিক বিপর্যয়ের জন্য পশ্চিমাদের দায়ী করে তিনি আরও বলেন, “পশ্চিমারা সারা বিশ্বের মানুষের কাছে নিজেদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইতালিতে অসংখ্য মানুষ রাস্তায় নেমে এসেছেন। তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছেন। সুতরাং পশ্চিমারা এখন ইসরায়েলি হামলার পক্ষে কোনো ধরনের সাফাই গাইতে পারবে না।‘
গত ৭ অক্টোবরের থেকে ইসরায়েলে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলার প্রতিশোধ নিতে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলের এ হামলায় এখন পর্যন্ত আট হাজার সাতশর বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে ৩ হাজার ৫৪২ শিশু ও ২ হাজার ১৮৭ জন নারী।
