বঙ্গবন্ধু টানেলে কার রেসিং, ৭ চালকের বিরুদ্ধে মামলা

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৫:৫২ পিএম

চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলে কার রেসিং এর ঘটনায় সাত গাড়িচালককে শনাক্ত করে তাদের বিরুদ্ধে নগরের কর্ণফুলী থানায় মামলা দায়ের করেছে টানেল কর্তৃপক্ষ। গত বুধবার (০১ নভেম্বর) রাতে এই মামলা করেন বঙ্গবন্ধু টানেলের সহকারী ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উপকমিশনার (বন্দর) শাকিলা সোলতানা বলেন, ‘জড়িতদের  গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

মামলার এজাহারে যেসব গাড়ির নম্বর উল্লেখ করা হয়েছে সেগুলো হলো চট্টমেট্রো-গ-১২-৯০৪৩, চট্টমেট্রো-ঘ-১১-৫৭০২, ঢাকামেট্রো-খ-১১-৮৯৩৫, ঢাকামেট্রো-খ-১২-১৮১৪, চট্টমেট্রো-গ-১৩-৩৫৭৩, চট্টমেট্রো-গ-১৪-২২৫৪ ও ঢাকামেট্রো-ভ-১১-০২১৭।

গত ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টানেল উদ্বোধন করেন। পরের দিন জনসাধারণের গাড়ি চলাচলের জন্য টানেলটি উন্মুক্ত করে দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, গত ২৯ অক্টোবর দিবাগত রাতে টানেলের ভেতরে অন্তত ১০টি গাড়ি রেসিংয়ে অংশ নেয়। এ সময় একটি গাড়ি আরেকটিকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এ ঘটনার পর সমাজ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত