হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৯:০৫ পিএম

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে বাস ধাক্কায় সেলিম হাওলাদার (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হানিফ ফ্লাইওভারের সায়দাবাদ ঢালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের পকেটে থাকা মুঠোফোনের সাহায্যে তার ভাই মনির হাওলাদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মেদিনিমন্ডল গ্রামে। বাবার নাম আব্দুল মান্নান হাওলাদার। সেলিম বর্তমানে স্ত্রী ও দুই সন্তান নিয়ে উত্তর যাত্রাবাড়ীতে থাকতেন। নিউমার্কেট এলাকার গাউছিয়া মার্কেটে কাপড়ের ব্যবসা রয়েছে তার। সন্ধ্যায় দোকান বন্ধ করে যাত্রাবাড়ীর বাসায় ফিছিলেন। পরে হাসপাতাল থেকে জানতে পারেন হানিফ ফ্লাইওভারের উপরে সায়দাবাদ এলাকায় সড়ক দুঘটনায় মারা গেছেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা মাহফুজ শিকদার নামে এক পথচারী জানান, তিনি শনিরআকড়া থেকে মোটরসাইকেল যোগে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন। পথে সায়দাবাদ ঢালে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। তখন জানতে পারেন, একটি বাস ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে চলে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত