আসামির তালিকায় ভাসাবির মালিকসহ তিন ব্যবসায়ী

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৯:৩৩ এএম

অভিজাত ফ্যাশন হাউজ ভাসাবির স্বত্বাধিকারী কামাল জামান মোল্লাকে বাস পোড়ানো মামলায় আসামি করা হয়েছে। এ ছাড়াও এ মামলায় আসামি করা হয়েছে ঢাকা হোটেল ও রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. শাজাহানসহ ৩৪ জনকে।

পুলিশ বলছে, অগ্নিসংযোগ, জ্বালাও-পোড়াওয়ের মতো কর্মসূচি সফল করে তুলতে প্রয়োজনীয় অর্থের জোগান নিশ্চিত করতে এ ধরনের ব্যবসায়ীদের সম্পৃক্ততা তৈরি করেছে দলটি।

বিএনপির ডাকা অবরোধের মধ্যে বুধবার রাতে গুলশানে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় বৃহস্পতিবার গুলশান থানায় একটি মামলা করেছে পুলিশ। গুলশান থানার উপপরিদর্শক রায়হানুল ইসলাম সৈকত বাদী হয়ে করা মামলায় আসামি করা হয়েছে ৩৪ জনকে। এর মধ্যে এক নম্বর আসামি করা হয়েছে ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাককে। দুই নম্বর আসামি করা হয়েছে ভাসাবির স্বত্বাধিকারী কামাল জামান মোল্লাকে। এ ছাড়াও এই মামলায় আসামি করা হয়েছে ঢাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. শাজাহান, খাজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মইনুল হাসান নিশু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত