গাজীপুরের শ্রীপুরে বিএনপির নেতাকর্মীরা হরতালে পক্ষে মিছিল বের করেন। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। আজ রবিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দ্রুত হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ বলছে হামলা ভাঙচুরে অংশগ্রহণকারীদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আটটার কিছু আগে বিএনপি ও তার অঙ্গসংগঠনের একদল নেতাকর্মী হরতাল অবরোধের পক্ষে মিছিল বের করে। এ সময় মিছিলটির নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। তিনি শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিল করেন মহাসড়কে। এ সময় নেতাকর্মীরা হরতাল অবরোধের পক্ষে মিছিল বিক্ষোভ করেন।
কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু ভাঙচুরের কথা অস্বীকার করে বলেন, নেতাকর্মীরা হরতালের পক্ষে শান্তিপূর্ণভাবে মিছিল করেছে।
তিনি দাবি করেন, এ হরতাল অবরোধে সাধারণ মানুষের বিপুল সমর্থন রয়েছে। আজও শত শত নেতাকর্মী মিছিলে অংশ নিয়েছে।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আক্তারুল আলম বলেন, টানা দু’দিনের হরতাল-অবরোধে নেতাকর্মীরা মাঠে রয়েছে। তারা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছে। কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি।
তিনি অভিযোগ করেন, নেতাকর্মীদের অহেতুক গ্রেপ্তার করছে পুলিশ। আজও বরমী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আল মামুন ফকিরকে বাড়ির কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাত হলেই নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযানে যায় পুলিশ। নেতাকর্মীরা ভয়ে বাড়িঘর ছেড়ে দিয়েছেন। স্বজনদেরও নানাভাবে হয়রানি করছে পুলিশ।
