‘দ্বিমুখী আচরণ থেকে সরে আসুন’ ব্লিঙ্কেনকে মিসরের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৫:২৪ পিএম

মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি গাজায় কোনো শর্ত ছাড়াই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে আলোচনার সময় তিনি এ আহ্বান জানান। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রকে দ্বিমুখী আচরণ থেকে সরে আসতে বলেছেন। যদিও ব্লিঙ্কেন যুদ্ধে মানবিক বিরতির আহ্বান জানিয়ে আসছেন।

এদিন মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে আরব দেশগুলো। তবে যুক্তরাষ্ট্র সতর্ক করেছে যুদ্ধবিরতি হলে হামাস পুনরায় সংগঠিত হবে এবং আবারও ৭ অক্টোবরের মতো হামলা চালাতে পারে। সেজন্য যুক্তরাষ্ট্র এখন গাজায় কোনো যুদ্ধবিরতি চায় না। তবে দেশটি যুদ্ধে মানবিক বিরতির আহ্বান জানিয়েছে।

অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েল সফরের পর গতকাল শনিবার (০৪ নভেম্বর) জর্ডানের রাজধানী আম্মানে লেবানন, কাতার, জর্ডান, মিশর, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গে দেখা করেন। সেখানে আরব নেতাদের তোপের মুখে পড়তে হয় তাকে। খবর বিবিসির।

এ সময় জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, ‘মানুষ হিসেবে আমরা এই হত্যাকাণ্ড মেনে নিতে পারি না। ... এই হত্যাকাণ্ড আর ধ্বংসযজ্ঞকে আমরা কীভাবে ন্যায্য বলে মেনে নিতে পারি? এটা কোনো আত্মরক্ষা হতে পারে না।’

সাফাদি সতর্ক করে বলেন, ‘কোনো অজুহাতে এই হামলা ন্যায়সঙ্গত করা যাবে না এবং এটি ইসরায়েলে নিরাপত্তা আনবে না, ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করবে না।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে স্থায়ী শান্তি অর্জনের বিষয়ে আরব নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্র একমত না হলেও তাদের লক্ষ্য একই। ইসরায়েলের সঙ্গে লেবাননের দক্ষিণ সীমান্তে সহিংসতা নিয়ে আলোচনা করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গেও দেখা করেছেন। ওই সীমান্ত এলাকায় হিজবুল্লাহ এবং ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে লড়াই অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত