তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে খেলবে বসুন্ধরা

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৮:১২ পিএম

ভিসা জটিলতায় ভারত যাওয়া নিয়ে শঙ্কা ছিল বসুন্ধরা কিংসের। শেষ বেলায় সেটা হলেও ম্যাচের দিন সকালে তারা সেখানে পৌঁছায়। ভ্রমণক্লান্তি নিয়েও রাত ১০টায় তারা ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হয় মোহনবাগান সুপার জায়ান্টের। অবিশ্বাস্যভাবে সেই ম্যাচে তারা ২-২ গোলে ড্র করে বসে।

আর সেটাকেই আত্মবিশ্বাস হিসেবে কাজে লাগিয়ে কাল ঘরের মাঠে তিন পয়েন্টের লক্ষ্য নিয়েই নামবে টানা চারবারের বাংলাদেশ চ্যাম্পিয়নরা।

কিংস অ্যারেনায় আগামীকাল রাত ৮টায় শুরু হবে এএফসি কাপের ম্যাচটি। সেই ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন কিংস অধিনায়ক রবসন রবিনহো। সঙ্গে ছিলেন কোচ অস্কার ব্রুজন। 

অধিনায়ক আগামীকালের ম্যাচের ভাবনার কথা জানাতে গিয়ে বলেন, ‘আগামীকাল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। সেখানে আমরা জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামব। তিনটা পয়েন্ট আদায় করার জন্যই খেলব আমরা। যাতে করে আমরা পরবর্তী ধাপে যেতে পারি।’

বসুন্ধরা কিংস অ্যারেনায় আয়োজিত সংবাদ সম্মলনে কিংস কোচ অস্কার ব্রুজোন বলেন,‘ এটা গ্রুপে আমাদের চতুর্থ ম্যাচ। গ্রুপটা এখনো উন্মুক্ত। আমরা মোহনবাগানে শক্তি সম্পর্কে জানি। ওরা  বড় ক্লাব। আইএসএল ও এএফসি কাপে এগিয়ে আছে। আমরাও সামনে তাকাচ্ছি। ঘরের মাঠে অবশ্যই ইতিবাচক ফল চাই। মোহনবাগানের সঙ্গে গত ম্যাচে আমরা ড্র করেছি। কাল ঘরের মাঠে খেলার কারণে আমরা সুবিধা পাব।’

ব্রুজন যোগ করেছেন, ‘মোহনবাগান দক্ষিণ এশিয়ার সেরা ক্লাব। তবে কালকের ম্যাচ নিয়ে আমরা আশাবাদী। গত তিন ম্যাচেই আমরা গোল খেয়েছি। এ ম্যাচে গোল খাওয়া চলবে না। আমাদের সাবধান  থাকতে হবে। ভুল করা চলবে না। আমাদের ১১জনকেই ডিফেন্ডার হতে হবে।  আমাদের পরিকল্পনা হলো আক্রমণাত্মক খেলা। আমরা গোল করতে চাই, জিততে চাই। ফুটবলে গুরুত্বপূৃর্ণ হলো আক্রমণে। কাল ড্র মোহনবাগানের জন্য ভালো ফল। কিন্তু আমাদের অবস্থা ভিন্ন। আমাদের জিততে হবে।‘

×
সর্বশেষ সর্বাধিক পঠিত