রূপগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণে দগ্ধ ১ জনের মৃত্যু

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১২:১০ এএম

নারায়ণগঞ্জের রুপগঞ্জে গ্যাস লাইন থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধের মধ্যে চিকিৎসাধীন সোনাউদ্দিন (৪৫) মারা গেছেন। আজ সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। 

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সোনাউদ্দিনের শরীরে ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। তাকে হাইডিপেন্ডেন্সি ইউনিটে রাখা হয়েছিল বলে জানান তিনি।

এর আগে গত শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে রুপগঞ্জের আওকাবো বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে সোনাউদ্দিন ছাড়াও দগ্ধ হন তার বড় বোন হাসুন বানু (৫৫), বোনের স্বামী অলি আহমেদ (৬৫), ভাগিনা ওমর ফারুক (১৮) ও ভাগনি সাহারা (২৪)। 

হাসপাতালে সোনাউদ্দিনের ভাতিজা মো. নূরে আলম জানান, রূপগঞ্জের ওই বাড়ির নিচ তলায় ভাড়া থাকেন তারা। হাসুন বানু গৃহিণী, তার স্বামী ও সোনাউদ্দিন গাউছিয়া বাজারে শুটকির দোকান করেন। এছাড়া মেয়ে সাহারা প্রতিবন্ধী এবং ছেলে ওমর ফারুক স্থানীয় অনুপম গার্মেন্টে চাকরি করেন। 

তিনি আরও জানান, বাসাটিতে লাইনে তেমন গ্যাসে থাকে না। সেজন্য রান্নার কাজে গ্যাসের চাপ বাড়াতে ২ সপ্তাহ আগে একটি যন্ত্র লাগিয়েছেন। রাতে তারা যখন বাসাটিতে ঘুমিয়ে ছিলেন, তখন ওই গ্যাস লাইন থেকেই এই বিস্ফোরণ ঘটে বলে তাদের ধারণা।

ঘটনার পরপরই প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ইউএস-বাংলা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে মধ্যরাতেই তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, হাসুন বানুর শরীরের ৪৬ শতাংশ, তার স্বামী অলি আহমেদের ৫৮, মেয়ে সাহারার ৩০, ছেলে ওমর ফারুকের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থাই গুরুতর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত