শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন কমিটির কার্যক্রম দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে দেশটির আপিল আদালত। নতুন কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে করা এক রিট পিটিশনের শুনানির পর আদালত এই অন্তর্বর্তীকালীন আদেশ দেন।
গতকাল ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বরখাস্ত করা ক্রিকেট বোর্ড পুনর্বহাল হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিতে আজ এসএলসি কার্যালয়ে গিয়েছিলেন অন্তর্বর্তীকালীন কমিটির চেয়ারম্যান অর্জুনা রানাতুঙ্গা। তবে আদালতের আদেশের পর তিনি বেরিয়ে গেছেন।
গতকাল রাতে নাকি মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে অন্তর্বর্তীকালীন কমিটি বিলুপ্ত করতে বলেছেন ক্রীড়া মন্ত্রী রোশান রানাসিংহেকে। তাতে রাজি হননি জানিয়ে আজ রানাসিংহে বলেন, ‘প্রেসিডেন্ট বলেছেন ক্রীড়াঙ্গনকে তিনি তার অধীন নিয়ে যাবেন। আমি তখন বলেছি, আমাকে মন্ত্রিসভা থেকে বের করে দিন।’
শাম্মি সিলভার নেতৃত্বাধীন যে ক্রিকেট বোর্ডকে রানাসিংহে বরখাস্ত করেছিলেন, তাদের ইঙ্গিত করে তিনি বলেন, ‘শ্রীলঙ্কার ক্রিকেট চালাচ্ছে ডাকাতেরা। যে কারণে আমি অন্তর্বর্তীকালীন কমিটি বিলুপ্ত করব না। অন্তর্বর্তীকালীন কমিটির বিরুদ্ধে বিচার বিভাগের স্থগিতাদেশের সিদ্ধান্ত স্বার্থের সংঘাত।’
