আইএলও

গাজায় যুদ্ধের কারণে কাজ হারিয়েছে ৬১ শতাংশ ফিলিস্তিনি

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১২:১২ পিএম

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গত এক মাসে অবরুদ্ধ ভূখণ্ডটিতে কর্মসংস্থান হারিয়েছেন ৬১ শতাংশ। জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর এক জরিপে জানা গেছে এই তথ্য।

গাজার এই অর্থনৈতিক পতন ভূখণ্ডটিকে আগামী অনেক বছর ভোগাবে বলছে সংস্থাটি। সম্প্রতি এক জরিপে এই তথ্য জানায় আইএলও।   

গাজায় ইসরায়েলি হামলার পর উপত্যকাটির অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে সম্প্রতি একটি জরিপ করে আইএলও। আর জরিপে ফুটে উঠেছে অবরুদ্ধ অঞ্চলটির অর্থনীতির ‘করুণ’ অবস্থা।

জরিপে দেখা গেছে, ইসরায়েল-হামাসের এক মাসের সংঘাতেই ফিলিস্তিনি ভূখণ্ডে কাজ হারিয়েছেন মোট ১ লাখ ৮২ হাজার মানুষ। যদিও চলমান সংঘাত ও ইসরায়েলের কঠোর অর্থনৈতিক অবরোধের আগ থেকেই গাজা উপত্যকার প্রায় অর্ধেক জনগোষ্ঠী দারিদ্র্য সীমার নিচে বাস করছে।

আরব দেশগুলোতে আইএলওর আঞ্চলিক পরিচালক রুবা জারাদাত৷ বলেন, “ফিলিস্তিনের শ্রমবাজারে বর্তমান সংকট অত্যন্ত উদ্বেগজনক ফলাফল দিয়েছে। এই সংঘাত অব্যাহত থাকলে ফিলিস্তিনের শ্রমবাজারের পরিস্থিতি আরও খারাপ হবে। আর এই ভূখণ্ডটিতে নতুন কর্মসংস্থান এবং ব্যবসা তৈরিতে বহু সময় লাগতে পারে।“

এ সময় তিনি জানান, এই যুদ্ধের প্রভাবে অধিকৃত পশ্চিম তীরেও মানুষ ২৪ শতাংশ কর্মসংস্থান হারিয়েছে, যা দুই লাখ আট হাজার চাকরির সমান। এতে করে দুই অঞ্চলে দৈনিক আয় ১৬ কোটি ডলার কমে গেছে।

২০২৩ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে গাজায় বেকারত্ব দাঁড়িয়েছে ৪৬.৪ শতাংশে, যা বিশ্বের সর্বোচ্চ হারগুলির মধ্যে একটি। জাতিসংঘের মতে, অঞ্চলটির জনসংখ্যার ৮০ শতাংশেরও বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত