ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার (১৮ নভেম্বর) এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহত সাতজনের মধ্যে ছয়জন ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন। অপর একজন আগের হামলায় আহত হওয়ার পর মারা গেছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের ১১ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ১ হাজার ৬৫৮ জন ফিলিস্তিনি নিহত এবং ৬ হাজার জন আহত হয়েছেন। এ ছাড়া যুদ্ধবিরতি ঘোষণার পর ধ্বংসস্তূপ থেকে ৮৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৭৪ হাজার ৭১০ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজার ১৩১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এদিকে বুধবার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মধ্য গাজার ‘ইয়েলো লাইন’-এর পশ্চিমে তিনটি এলাকায় তারা বিশেষ অভিযান শুরু করেছে। ইসরায়েলি বাহিনীর দাবি, ওই এলাকায় তাদের সেনাদের জন্য তৈরি হওয়া হুমকি মোকাবিলাই এ অভিযানের লক্ষ্য।
উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তির আওতায় ‘ইয়েলো লাইন’ নামে একটি সামরিক সীমারেখা ও বাফার জোন নির্ধারণ করে ইসরায়েল।
এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে। দীর্ঘ সংঘাতে বিপর্যস্ত উপত্যকাটিতে এতে নতুন করে হতাহতের ঘটনা ঘটছে।