টাঙ্গাইলে ঘোষণা দিলেও রাস্তায় নামেনি মালিক সমিতির নেতাদের বাস

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৪:৩২ পিএম

অবরোধ চলাকালীন গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছিলেন টাঙ্গাইল বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির নেতারা। আজ বুধবার (৮ নভেম্বর) বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দিনে মালিক সমিতির কোনো নেতার বাস চলাচল করেনি। ফলে শহরের নতুন বাসস্ট্যান্ড থেকে ঢাকাসহ দুরপাল্লার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি। তবে সকালের দিকে চন্দ্রা পর্যন্ত সাতটি বাস ছেড়ে গেছে। যদিও সমিতির নেতারা জানিয়েছেন, পর্যাপ্ত যাত্রী না থাকায় বাসগুলো চলাচল করছে না। 

এর আগে সোমবার (৬ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলে নতুন বাস টার্মিনালে মালিক-শ্রমিকদের সাথে পুলিশের মতবিনিময় সভায় অবরোধের মধ্যে গণপরিবহন চলাচল করার ঘোষণা করেছিল সমিতির নেতারা। জানা গেছে, ভোর থেকে সকাল পর্যন্ত টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ড থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত ঝটিকা, ধলেশ্বরী ও সার্বিক পরিবহনের কয়েকটি বাস ছেড়ে। এছাড়া ময়মনসিংহের উদ্দেশে ছেড়েছে ১০টি বাস। তবে বেলা বাড়ার পর কোনো বাস যাত্রী নিয়ে বাসস্ট্যান্ড ত্যাগ করেনি। 

ধলেশ্বরী বাসের সুপারভাইজার পারভেজ বলেন, টাঙ্গাইল নতুন বাস টার্মিনাল থেকে ঢাকা বা উত্তরবঙ্গমুখী কোনো বাস ছেড়ে যায়নি। ঝুঁকি নিয়ে শুধুমাত্র চন্দ্রা ও বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে ৮-১০টি বাস ছেড়ে গেছে। অবরোধকারীরা রাস্তায় দাঁড়ালে বাস রেখে চলে আসবো। 

মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন বলেন, যাত্রী না থাকায় বাসগুলো চলাচল করছে না। তবে সকালের দিকে টাঙ্গাইল হতে আমার একটি বাসসহ সাতটি বাস গাজীপুরের চন্দ্রা পর্যন্ত গিয়েছে। এছাড়া একই সময়ে ময়মনসিংহের দিকেও ১০টি বাস ছেড়েছে শহরের নতুন বাসট্যান্ড থেকে। ঢাকা থেকে কোন বাস শহরে প্রবেশ করেনি। ময়মনসিংহ থেকে মধুপুর পর্যন্ত কয়েকটা বাস এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত