গাজাতে ভাসমান হাসপাতাল পাঠাল ইতালি

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০২:০১ পিএম

হামাস ও ইসরায়েলের এক মাসের চলমান যুদ্ধে বিধ্বস্ত হয়ে গেছে ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা গাজা। এছাড়া ইসরায়েলের কঠোর অবরোধের কারণে প্রচুর পরিমাণে সংকট দেখা দিয়েছে খাদ্য, পানি ও চিকিৎসা সরঞ্জামের।

আর তাই যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য ভাসমান হাসপাতাল পাঠিয়েছে ইতালি। এতে ১৭০ চিকিৎসাকর্মীর পাশপাশি জরুরি সেবা দিতে ৩০ জন প্রশিক্ষিত জনবল রয়েছে।

বুধবার এক প্রতিবেদনে এ খবর জানায় বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (৮ নভেম্বর) পশ্চিম ইতালির সিভিটাভিকিয়া বন্দর থেকে জাহাজটি গাজার উদ্দেশে রওনা দিয়েছে।

এছাড়া গাজায় একটি ফিল্ড হাসপাতাল পাঠানোর জন্যও কাজ চলছে বলে জানিয়েছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রসেটো। এছাড়া এই অঞ্চলে আরও দুটি ইতালীয় নৌযান পাঠানোর সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

এক মাস পার হয়ে গেলেও গাজায় তীব্র হামলা ও অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বেসামরিক ফিলিস্তিনিদের ওপর অব্যাহত বোমাবর্ষণের পাশাপাশি খাদ্য, পানি, জ্বালানি এবং ওষুধ সরবরাহ বন্ধ করে দিয়েছে নেতানিয়াহু সরকার। এ পরিস্থিতিতে জ্বালানি ও ওষুধ সংকটে গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে ১৬টি হাসপাতাল ও ৭২টি ক্লিনিকের মধ্যে ৫১টি বন্ধ হয়ে গেছে। আর তাই আহত গাজাবাসীকে এখন নির্ভর করতে হচ্ছে বিভিন্ন দেশ থেকে পাঠানো সহায়তার ওপর।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত