অনলাইন ক্লাসে শিক্ষিকার কাছে এক ছাত্র অনুরোধ করেছে বাচ্চা কীভাবে হয় তার প্র্যাক্টিকাল ক্লাস করে দেখানোর। এই প্রশ্নেরও যোগ্য জবাব দিয়েছেন সেই শিক্ষিকা। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে।
সম্প্রতি ভারতের হরিয়ানার একজন শিক্ষিকা রক্ষিতা সিং বাঙ্গার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। ছাত্রের এমন প্রশ্নের সাহসী উত্তর দেখে নেটিজেনরা বাহবা দিচ্ছেন সেই শিক্ষিকাকে।
ভিডিওতে দেখা যায়, রক্ষিতার ছাত্র প্রশ্ন করছে, বাচ্চা কেমন করে জন্ম নেয় ম্যাম? জবাবে রক্ষিতা বলছেন, মায়ের কাছ থেকেই জেনে নাও। তোমার মা এটা করেছে। আমি তো বিয়ে করিনি। আমার প্র্যাক্টিকাল জ্ঞান নেই। মা এটা করেছে, তাই মাকেই প্রশ্ন করো।
তিনি আরও বলেন, যদি কারও বোন, মেয়ে বা মা সম্পর্কে এমন মন্তব্য করেন, তবে প্রিয়জনদের সম্পর্কেও একই কথা কল্পনা করুন। তুমি বাচ্চা, আমি তোমার থেকে পাঁচ বছরের বড়। এমবিবিএস শেষ করতে চলেছি।
পোস্টের ক্যাপশনে তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন কীভাবে নারী শিক্ষকদের তাদের ছাত্রদের কাছ থেকে হয়রানির শিকার হতে হয়।
রক্ষিতা বলেন, সমাজ নারী শিক্ষকদের কীভাবে দেখে এবং এর পরিবর্তন দরকার।
তিনি লিখেছেন, একজন শিক্ষক হিসেবে আমি সবসময় মনে করি যে শিশুদের শুধু শেখানো নয়, তাদের আরও ভালো মানুষ হতে সাহায্য করা আমার দায়িত্ব! কিছু স্প্যামার আসে, আমি সাধারণত তাদের ভালোবাসার সঙ্গে ব্যাখ্যা করি।
