৪৯তম জন্মদিন

যেভাবে রাখা হলো লিওনার্দো ডিক্যাপ্রিওর নাম

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০১:৪৩ এএম

হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর ৪৯তম জন্মদিন আজ (১১ নভেম্বর)। ১৯৭৪ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে জন্মগ্রহণ করেন তিনি।

লিওনার্দোর বাবা জর্জ ডিক্যাপ্রিও এবং মা ইরমেলিন। কলেজে পড়ার সময় দুজনের মধ্যে ঘনিষ্ঠতা হয়। একসময় সন্তানসম্ভবা ইরমেলিন ইতালি বেড়াতে যান। সেখানে বিখ্যাত চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবি দেখছিলেন তিনি। এ সময় প্রথমবারের মতো গর্ভে থাকা সন্তানের নড়াচড়া অনুভব করেন। তাতেই ছেলের নাম রাখা হয় লিওনার্দো।

পরবর্তীকালে জর্জ এবং ইরমেলিন আলাদা হয়ে যান। মায়ের সঙ্গে থাকতে শুরু করেন লিওনার্দো। ছোট থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল। বলতে গেলে স্কুলে যাওয়ার চেয়ে অডিশন দেওয়াই বেশি পছন্দ ছিল লিওনার্দোর। মাত্র পাঁচ বছর বয়সে বিজ্ঞাপনচিত্রে কাজের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন।

চলচ্চিত্রে তার অভিষেক আরও পরে, ১৯৯১ সালে বৈজ্ঞানিক কল্পকাহিনী ‘ক্রিটারস ৩’-এর মাধ্যমে। ১৯৯৬ সালে  লিওনার্দো অভিনীত রোমিও-জুলিয়েট দারুণ ব্যবসা সফল হয়। পরের বছর মুক্তি পায় জেমস ক্যামেরুন পরিচালিত ‘টাইটানিক’। এটি ২০১০ সাল পর্যন্ত সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের রেকর্ড ধরে রেখেছিল। অথচ চলচ্চিত্রটি  লিওনার্দো প্রথমে করতে চাননি। ফিরিয়ে দিয়েছিলেন। পরে পরিচালকের জেদের কাছে হার মানেন।

লিওনার্দো অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) জন্য বেশ কয়েকবার মনোনয়ন পেলেও ২০১৫ সাল পর্যন্ত এটি অধরা ছিল। শেষ পর্যন্ত ২০১৬ সালে ‘রেভেন্যান্ট’ চলচ্চিত্রের জন্য অস্কার পান। আর এটি ছিল অস্কারের আসরে তার পঞ্চমবারের মতো মনোনয়ন পাওয়া।

অভিনয় ছাড়াও লিওনার্দো জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করে চলেছেন। তাকে এই আন্দোলনে যুক্ত সবচেয়ে সক্রিয় তারকা হিসেবে ধরা হয়। ১৯৯৮ সালে পরিবেশ বিষয়ক সচেতনতা তৈরির লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন অলাভজনক প্রতিষ্ঠান ‘লিওনার্দো ডিক্যাপ্রিও ফাউন্ডেশন’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত