বিএনপি না এলেও যথাসময়ে জাতীয় নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ড. মো. আবদুর রাজ্জাক। তিনি বলেন, ‘জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে, কয়েক দিনের মধ্যেই এই নির্বাচনের তফসিল ঘোষিত হবে। কোনো দল নির্বাচনে না এলে নির্বাচন হবে নাশ্ব এ রকম কোনো বিধান সংবিধানে নেই।
বিএনপি না এলেও আরও অনেক দল নির্বাচনে আসবে। কাজেই, যথাসময়েই নির্বাচন হবে। কে আসল না আসল-সেটি বড় কথা নয়। সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি।’
গতকাল শুক্রবার সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পীরগাছা সেন্ট পলস উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় মধুপুর উপজেলা আওয়ামী লীগ ও বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজন করে।’
বিএনপি নির্বাচনে না এলে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্যতা পাবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নির্বাচন অবশ্যই গ্রহণযোগ্যতা পাবে। তবে আমরা যেরকম গ্রহণযোগ্যতা আশা করি, ততটুকু হয়তো হবে না। কিন্তু দেশ ও জাতির স্বার্থে, শান্তি-স্থিতিশীলতার স্বার্থে এবং সংবিধান রক্ষার্থে নির্বাচন করতেই হবে; ধারাবাহিকতা নষ্ট করা যাবে না।’
সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে পর্যাপ্ত ক্ষমতা দেওয়া আছে উল্লেখ করে আবদুর রাজ্জাক বলেন, ‘শান্তিপূর্ণ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
