নব্বই দশকে মুক্তি পেয়েছিল বলিউডের সাড়া জাগানো রোম্যান্টিক থ্রিলার ‘বাজিগর’। আব্বাস-মাস্তান পরিচালিত সিনেমাটি সে সময় বক্স অফিসে ব্লকবাস্টার হয়। ক্যারিয়ার ঘুরিয়ে দেয় শাহরুখ খান, কাজল ও শিল্পা শেঠির। রবিবার (১২ নভেম্বর) সিনেমাটির ৩০ বছর পূর্তি হলো।
১৯৯৪ সালে বাজিগরের মাধ্যমে প্রথমবারের মতো সেরা অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান শাহরুখ। সেদিন সেরা অভিনেতার পুরস্কার জেতার পর শাহরুখ দেখতে পান অনুষ্ঠানে তার দুই পরিচালক উপস্থিত নেই। তিনি অনুষ্ঠান শেষে হাজির হন আব্বাস-মাস্তানের বাড়িতে।
তখন রমজান মাস চলছিল। আব্বাস-মাস্তানের বাড়িতে নেওয়া হচ্ছিল সেহেরি খাওয়ার প্রস্তুতি। শাহরুখ সেদিন তাদের সঙ্গে সেহেরি খান। কিন্তু তার আগে পরিচালকদের বলেন, আপনাদের সিনেমায় কাজ করে সেরা অভিনেতার পুরস্কার জিতেছি— আপনাদের দোয়া ছাড়া কীভাবে বাড়ি যাব?
সেরা অভিনেতা ছাড়াও আরও তিনটি পুরস্কার পেয়েছিল বাজিগর। তিন চিত্রনাট্যকার, গায়ক কুমার শানু ও সংগীত পরিচালক আনু মালিকের হাতে এসেছিল ফিল্মফেয়ার পুরস্কার।
