বিশ্বকাপের আগে

বিসিবির অনুমতি না নিয়েই সাক্ষাৎকার দিয়েছিলেন সাকিব

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৮:৩২ পিএম

বিশ্বকাপ দলে তামিম ইকবালের না থাকাটা ছিল বিস্ময়কর। তবে দল ঘোষণার পর অধিনায়ক সাকিব আল হাসান বিস্ফোরণ ঘটান। ক্রীড়াভিত্তিক একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পুরো বিশ্বকেই যেন তিনি কাপিয়ে দিয়েছিলেন। সেখানে তামিমের আচরণ বাচ্চাদের মতো, তিনি দলের কথা ভাবেন না। এমনকি নাজমুল হাসান পাপনকে নিয়েও অনেক কথা বলেন তিনি।

বিশ্বকাপের যাওয়ার আগ মুহূর্তে সাকিবের সাক্ষাৎকার দলকে বিপর্যস্ত করেছে। অনেকেই মনে করেন ড্রেসিং রুমে তার প্রভাব ফেলেছে। সাকিব নিজেও মনে করেন, স্কোয়াডে থাকা তামিমপন্থী ক্রিকেটাররা ইচ্ছে করে পারফরম নাও করতে পারেন। কার মনে কি আছে সেটা বলা কঠিন বলেও মন্তব্য করেছেন সংবাদ সম্মেলনে।

তবে এখন প্রশ্ন অন্য জায়গায়। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের জন্য রয়েছে কোড অব কন্ডাক্ট। গণমাধ্যমের সঙ্গে কথা বলার আগে তাদেরকে অনুমতি নিতে হয় বোর্ডের কাছ থেকে। টিভিতে সাক্ষাৎকার দেওয়ার পূর্বে টাইগার অধিনায়ক কোনো অনুমতি নিয়েছিলেন কিনা? এমন প্রশ্ন আসাটা এখন স্বাভাবিক।

তবে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু জানালেন, সাকিব সাক্ষাৎকার দেওয়ার আগে অনুমতি নিয়েছিলেন কিনা সে বিষয়ে তার অন্তত জানা নেই।   

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে তিনি বলেছেন, ‘সাকিব যে ইন্টারভিউ দিয়েছে সেই বিষয়ে আমি জানতাম না। আর যখন এটা প্রচার হয়েছে, তখন দল বিশ্বকাপ খেলতে চলে গেছে। বিশ্বকাপের মতো আসর চলার সময়ে তখন আমরা সেদিকেই নজর দেই। বাহ্যিক বিষয় নিয়ে খুব একটা আলোচনা করি না। এখন দল এসেছে, আমরা একটা প্রতিবেদন পাবো। তারপর আমরা বিস্তারিত জানাতে পারব।’

টিটুর কথায় পরিষ্কার সাকিব অনুমতি নেননি। যা কোড অব কন্ডাক্ট পরিপন্থী। এ বিষয়ে কোনো ব্যবস্থা বোর্ড নেবে কিনা জানতে চাইলে টিটু বলেন, ‘আমাদের ডিসিপ্লিনারি কমিটি আছে। তারা বিষয়টি খতিয়ে দেখবেন। তারা যদি মনে করেন এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া প্রয়োজন, অবশ্যই নিবেন।’

টিটু যোগ করেছেন, ‘আমাদের কোড অব কন্ডাক্ট অনুযায়ী অনেক বিষয় আছে। সেটা অনুসরণ করা সবার দায়িত্ব। ক্রিকেটারদের যেমন, তেমন বোর্ডের দায়িত্বশীল হিসেবে আমাদেরও সেটা মেনে চলা উচিৎ। আর এটা ডিসিপ্লিনারি কমিটি দেখে থাকেন। ভবিষ্যতে যদি এরকম কিছু উঠে আসে, তারা নিশ্চিয়ই বিষয়টা ভেবে দেখবেন।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত