আইসিসি ওয়ানডে বোলারদের শীর্ষস্থান সপ্তাহখানেকও ধরে রাখতে পারলেন না মোহাম্মদ সিরাজ। ভারতীয় পেসারকে সরিয়ে চূড়ায় উঠেছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ।
গত তিন সপ্তাহে তৃতীয়বারের মতো ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে পরিবর্তন এলো। ১ নভেম্বর শীর্ষে ওঠেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের পেসারকে হটিয়ে ৮ নভেম্বর চূড়ায় ওঠেন সিরাজ।
র্যাঙ্কিংয়ের নতুন হালনাগাদে এক ধাপ এগিয়ে শীর্ষে উঠেছেন মহারাজ। গত সপ্তাহে ৩ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন তিনি। এবারই প্রথম ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে চূড়ায় উঠলেন এই দক্ষিণ আফ্রিকান।
দুইয়ে নেমে যাওয়া সিরাজ ভারতের সবশেষ তিন ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। মহারাজের (৭২৬) সঙ্গে সিরাজের (৭২৩) রেটিং পয়েন্টের ব্যবধান কেবল ৩। সিরাজের দুই সতীর্থ পেসার জাসপ্রিত বুমরা চারে ও কুলদীপ যাদব পাঁচে আছেন। তিনে অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন জাম্পার সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ। আফগানিস্তানের বিপক্ষে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ১২৮ বলে অপরাজিত ২০১ রানের অবিশ্বাস্য ইনিংসে দলকে জেতানো ম্যাক্সওয়েল ১৭ ধাপ এগিয়ে ২১ নম্বরে আছেন। বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১৭৭ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলা মার্শ এগিয়েছেন ১১ ধাপ, আছেন ৩৮ নম্বরে।
যথারীতি প্রথম দুই স্থানে ভারতের তরুণ ওপেনার শুবমান গিল ও পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এক ধাপ এগিয়ে পাঁচে উঠেছেন ভারত অধিনায়ক রোহিত শার্মা। চারে আছেন ভারতের আরেক তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। তিনে দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে আছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
