লাদেনের পুরনো চিঠি হঠাৎ ভাইরাল

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৪:৪৬ পিএম

যুক্তরাষ্ট্রের কমান্ডো অভিযানে নিহত আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের একটি পুরনো চিঠি ভাইরাল হয়েছে। বিশেষ করে টিকটকে এই চিঠি নিয়ে বেশ আলোড়ন তৈরি হয়েছে। ব্রিটিশ সাময়িকী টাইমের এক প্রতিবেদনে লাদেনের চিঠির ভাইরাল হওয়ার প্রসঙ্গ উঠে এসেছে।

চিঠিটি এই সময়ে ভাইরাল হওয়ার কারণ গাজায় ইসরায়েলী আগ্রাসন। ২০০২ সালে ওসামা বিন লাদেন মার্কিন জনগণকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখেন। চিঠিতে আল-কায়েদার সাবেক এই নেতা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি দখলদারত্বকে সমর্থন করায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিন্দা করেন এবং দাবি করেন, ইহুদিরা আমেরিকার নীতি, পুঁজি এবং গণমাধ্যম নিয়ন্ত্রণ করে।

সেই চিঠিতে তিনি লিখেছিলেন, ইসরাইল রাষ্ট্র সৃষ্টি হওয়ার পুরো প্রক্রিয়াটি একটি অপরাধ এবং এই রাষ্ট্রকে অবশ্যই মুছে ফেলা উচিত। চিঠিতে তিনি হুমকি দেন, ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠায় যে বা যারা ভূমিকা রেখেছে তাদের চড়া মূল্য দিতে হবে।

চিঠিতে লাদেন আরও লিখেন, ‘তারা আমাদের বিরুদ্ধে লক্ষাধিক সৈন্য লেলিয়ে দিয়েছে। আমাদের ওপর অত্যাচার ও আমাদের ভূমি দখল করার জন্য ইসরাইলিদের সঙ্গে জোট গঠন করেছে। এটিই আমাদের প্রতিক্রিয়ার কারণ ছিল।’

এই চিঠি লেখার এক বছর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও ওয়াশিংটনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। যা নাইন ইলেভেন হামলা হিসেবেই বেশি পরিচিত। যুক্তরাষ্ট্রের দাবি, আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের নির্দেশেই ওই হামলা চালানো হয়েছিল। ওই হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হয়।

এসব ঘটনার দুই দশকের বেশি সময় পর চিঠিতে ইসরাইল-ফিলিস্তিনের উল্লেখই ওসামার চিঠিটি ফের ভাইরাল হওয়ার মূল কারণ বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, লিনেট অ্যাডকিনস নামে একজন টিকটক তারকার অ্যাকাউন্ট থেকে বিষয়টি সামনে আসে। টিকটকটিতে ‘লেটার টু আমেরিকা’ হ্যাশট্যাগ ব্যবহার করা হয়। লিনেট অ্যাডকিনসের সেই ভিডিও প্রায় ১ কোটি ৩৫ লাখ মানুষ দেখেছে। পরে অবশ্য টিকটক কর্তৃপক্ষ সেই ভিডিও সরিয়ে ফেলেছে।

বৃহস্পতিবার পোস্ট করা একটি বিবৃতিতে টিকটক বলেছে, ‘এই চিঠির প্রচারের বিষয়বস্তু স্পষ্টভাবে যেকোনো ধরনের সন্ত্রাসবাদকে সমর্থন করার বিষয়ে আমাদের নিয়ম লঙ্ঘন করে। আমরা সক্রিয়ভাবে এই ভিডিওটি সরিয়ে ফেলেছি। এছাড়া এটি কীভাবে আমাদের প্ল্যাটফর্মে এসেছে তা তদন্ত করছি।’

 টিকটক মুছে ফেললেও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে লিনেটের সেই ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে গেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত