দেশি মাছের ৪ পদ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১২:০৮ পিএম

লেবুপাতা দিয়ে পুঁটির চচ্চড়ি

উপকরণ

দেশি পুঁটি মাছ ২৫০ গ্রাম, লেবুপাতা ৩টি, পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ, মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ২ চা চামচ, ধনে গুঁড়া ২ চা চামচ, জিরা গুঁড়া ২ চা চামচ, কাঁচা মরিচ ৫টি, সরিষার তেল ৪ টেবিল চামচ, ধনেপাতা কুচি ৩ টেবিল চামচ, রাঁধুনি টেলে গুঁড়া করা সিকি চা চামচ, লবণ ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১.         মাছ কেটে ধুয়ে সব মসলা মেখে সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে দিন।

২.         পানি ফুটে উঠলে লেবু পাতা ও টেলে নেওয়া রাঁধুনি গুঁড়া দিয়ে ৫ মিনিট ঢেকে রান্না করুন।

৩.         কড়াইয়ের ওপর তেল ভেসে উঠলে ঝোল ঝোল থাকতে থাকতে নামিয়ে পরিবেশন করুন।

পালং রুই

উপকরণ

রুইয়ের টুকরো ৪ি পস, পালং শাক ১ আঁটি, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, রসুন ও কাঁচা মরিচ ব্লেন্ড করা ১ টেবিল চামচ, শুকনা মরিচ ১টি, হলুদ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, আস্ত জিরা ১ চা চামচ, তেল ৪ টেবিল চামচ, লবণ ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১.         রুই মাছে সামান্য হলুদ, মরিচ ও লবণ মেখে হালকা ভেজে নিন।

২.         কড়াইতে তেল গরম করে আস্ত জিরা, পেঁয়াজ কুচি বাটা ও গুঁড়া মসলা কষিয়ে শাক দিয়ে ঢেকে রান্না করুন কিছুক্ষণ।

৩.         এবার ভেজে রাখা মাছ দিয়ে দিন।

৪.         তারপর রসুন ও কাঁচা মরিচের মিশ্রণ দিয়ে মাখা মাখা হলে নামিয়ে পরিবেশন করুন।

বোয়ালের ঝাল ঝোল

উপকরণ

বোয়াল মাছ ৫ টুকরা, টমেটো ২টি, পেঁয়াজ ২টি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা আস্ত ১ চা চামচ, তেজপাতা ১টি, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৫টি, ধনেপাতা কুচি ১ চা চামচ, রাঁধুনি ও জিরা একসঙ্গে টেলে গুঁড়া করা ১ চা চামচ, তেল ৫ টেবিল চামচ, লবণ ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১.         বোয়াল মাছে হলুদ, মরিচ ও লবণ মেখে রেখে দিন কিছু সময়।

২.         এবারে টমেটো, পেঁয়াজ ও কাঁচা মরিচ একসঙ্গে ব্লেন্ড করে নিন।

৩.         কড়াইয়ে তেল গরম করে ব্লেন্ড করা মসলা, আদা, রসুন ও গুঁড়া মসলা সামান্য পানি দিয়ে কষিয়ে নিন।

৪.         মসলা কষানো হলে এবার মাছ দিয়ে ঢেকে রান্না করুন।

৫.         এবার আরেকটি টমেটো টুকরো করে দিয়ে ওপরে ধনেপাতা কুচি ও টেলে নেওয়া রাঁধুনি, জিরা গুঁড়া ছড়িয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন।

৬.         উপরে তেল ভেসে উঠলে নামিয়ে পরিবেশন করুন ঝোল বোয়াল।

ফলি মাছ ও টমেটোর রসা

উপকরণ

ফলি মাছ ৪টি, টমেটো ২টি, পেঁয়াজ কুচি সিকি কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ২ চা চামচ, মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৫টি, পেঁয়াজ কলি কুচি ১ মুঠো, তেল ৫ টেবিল চামচ, লবণ ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১.         মাছ ধুয়ে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া মেখে রেখে দিন।

২.         ফ্রাইপ্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে বাটা ও গুঁড়া মসলা দিয়ে একটু কষিয়ে টমেটো দিন।

৩.         মসলা কষানো হয়ে গেলে এবার মাছ দিয়ে দিন। এরপর সামান্য পানি দিয়ে ঢেকে ৫ মিনিট রান্না করুন।

৪.         নামানোর আগে পেঁয়াজ কলি ও কাঁচা মরিচ দিয়ে চুলা বন্ধ করে কিছুক্ষণ রেখে নামিয়ে পরিবেশন করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত