টয়লেট খুঁজতে গিয়ে পিটুনি খেলেন ছয় তরুণী!

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০২:২৯ এএম

কলকাতার ইএম বাইপাসে টয়লেট খুঁজতে গিয়ে পিটুনি খেলেন ছয় তরুণী। অভিযোগ উঠেছে, মদ্যপ অবস্থায় কয়েকজন পুরুষ ওই তরুণীদের ঘুষি মেরেছে এবং তাদের রড দিয়ে পেটানো হয়েছে। এ ঘটনায় পুলিশের কাছে ২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এক তরুণী এবং তার পরিবার।

ভুক্তভোগীদের একজন জানান, উত্তর বিধাননগর থানার আওতাধীন ইমএম বাইপাসে একটি রেস্তোরাঁর কাছে টয়লেটের খোঁজে গিয়েছিলেন তারা। এ সময় স্থানীয়রা বেরিয়ে এসে তাদের গালিগালাজ শুরু করে।

অভিযোগকারী তরুণীর মা বলেন, সোমবার রাতে তার মেয়ে পাঁচ বান্ধবীর সঙ্গে একটি রেস্তোরাঁয় গিয়েছিল। তাদের সবার বয়স ১৯ থেকে ২৪ বছরের মধ্যে। মেয়ে ও তার বান্ধবীদের ওই রেস্তোরাঁয় পৌঁছে দিয়ে ওই নারী তার স্বামীকে নিয়ে গাড়িতে তেল নিতে গিয়েছিলেন। এ সময় ছয় তরুণীর মধ্যে একজনের টয়লেটে যেতে চান। কিন্তু রেস্তোরাঁটি সে সময় বন্ধ ছিল। শুধু তাই নয়, রেস্তোরাঁ সংলগ্ন টয়লেটটিও বন্ধ ছিল বলে তার দাবি।

এমন সময় আশপাশে টয়লেট রয়েছে কিনা খোঁজ করছিলেন তরুণীরা। একটু পর তাদের কথা শুনে এক নারী ঘরের জানলা খুলে গালিগালাজ শুরু করেন। এক তরুণী প্রতিবাদ করলে ঘর থেকে বেরিয়ে আসেন ওই নারী। এরপর তার স্বামী এবং ছেলেও বেরিয়ে আসেন।

ওই নারীর মদ্যপ স্বামী এক পর্যায়ে তরুণীকে ঘুষি মারেন। এরপর আরো ১০ জনকে ডেকে আনেন তিনি। তাদের সবাই মদ্যপ অবস্থায় ছিলেন। তারা রড দিয়ে মারতে উদ্যত হন তরুণীদের। ভয় পেয়ে বাবাকে ফোন করেন অভিযোগকারী তরুণী। খবর পেয়ে তার বাবা ঘটনাস্থলে পৌঁছালে তাকেও মারধর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত