কক্সবাজারের মহেশখালীতে মিধিলির প্রভাবে সৃষ্ট দমকা বাতাসে গাছ পড়ে আহত হওয়া মো. সাঈদ (২২) এর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার বিকেলে উপজেলার কালারমারছড়া দক্ষিণ ঝাপুয়ার সাতঘরপাড়া গ্রামে গাছের ডাল ভেঙে পড়ে তিনি আহত হন। নিহত সাঈদ একই গ্রামের মিয়া হোসেনের ছেলে।
নিহতের পরিবার জানান, শুক্রবার (১৭ নভেম্বর) বিকালে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ঝড় বাতাস শুরু হলে ওই সময় সাঈদ তার ছনের ছাউনি বাড়ির চালে পলিথিন দিতে উঠে। বাড়ির পাশে থাকা একটি গাছ ভেঙে পড়ে গুরুতর আহত হয় সাঈদ। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বদরখালী জেনারেল হাসপাতালে পরে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শনিবার সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, সাঈদ মাত্র ২৮ দিন আগে বিয়ে করে। তার হাতের মেহেদীর রঙ শুকানোর আগেই মিধিলিতে তিনি প্রান হারালেন। শনিবার রাত সাড়ে ৭টায় তার জানাজা সম্পন্ন হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে সাঈদের লাশ হস্তান্তর করা হয়েছে। শুনেছি তার দাফন সম্পন্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক অনুদান দেয়া হয়েছে।
