অযৌক্তিক কারণে কাউকে বদলি করবো না : ইসি আলমগীর

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৪:১১ পিএম

নির্বাচন কমিশনার (ইসি) মো.আলমগীর বলেছেন, ‘অযৌক্তিক কারণে কাউকে বদলি করবো না। তবে যদি যৌক্তিক কোনো কারণ থাকে, অফিসার নিরপেক্ষ নন, তার আচরণ ও কাজে প্রমাণ হয়েছে, তখন বদলি করবো। যেমন জামালপুরের একজন জেলা প্রশাসককে আমরা বদলি করেছি, সে সময় সিডিউল ঘোষণা হয়নি। উনি একটি অনুষ্ঠানে একজন রাজনৈতিক দলের এমপির পক্ষে কথা বলেছেন। তখন তাকে বদলি করেছি।’ 

আজ বুধবার (২২ নভেম্বর) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) মো.আলমগীর। প্রশাসনে রদবদলের কোনো চিন্তা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা হলো আপনাদের নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে। সেই ভাবনা থেকে আপনারা এগুলো বলেন। আইনের ব্যাখ্যাটা হলো পুলিশের কমিশনার, বিভাগীয় কমিশনার এবং এর নিচের যত কর্মকর্তা আছেন, তারা নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া বদলি করতে পারবে না। এ হলো আদেশ। সবাই আমাদের অধীনে এসেছে এ আইনটা আপনারা কোথায় পেলেন, যদি একটু দয়া করে দেখাতে পারেন, তাহলে...।

তিনি বলেন, কোনো বিভাগের কোনো কর্মকর্তা-কর্মচারীকে যদি নির্বাচন কমিশনের কাছে মনে হয় তার আচরণ নিরপেক্ষ নির্বাচনের বিপক্ষে তখন নির্বাচন কমিশন সেই বিভাগ বা সেই কর্তৃপক্ষকে সেখান থেকে বদলি করতে পারবে। তিন নম্বর হলো রিটার্নিং অফিসার কাদের নিয়ে নির্বাচন করবেন অর্থাৎ ভোটগ্রহণ কর্মকর্তাদের যে তালিকা করবেন সেই তালিকার কাউকে অনুমতি ছাড়া বদলি করা যাবে না। এ হলো আইন। 

রদবদল প্রসঙ্গে তিনি বলেন, আমরা রদবদল কেন করবো? একটা যৌক্তিক কারণ বা সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হবে। যদি অভিযোগ থাকে, এ কর্মকর্তা নিরপেক্ষ নন বা অমুকের পক্ষে কাজ করছেন, যদি সেই প্রমাণ থাকে, তখন আমরা ব্যবস্থা নেবো। তাছাড়া এত হাজার হাজার কর্মকর্তাকে বদলি করা হলে প্রশাসনে বা আইনশৃঙ্খলা রক্ষায় দেশ পরিচালনায় অথবা নির্বাচন পরিচালনায় যে একটা বিশাল বিশৃঙ্খলা দেখা দেবে, এ দায়িত্ব কে নেবে? এখন কোন যুক্তিতে আমরা সবাইকে বদলি করবো? একটা যুক্তি তো থাকতে হবে।
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত