এবারের বিশ্বকাপে শুধু সোনালী ট্রফিটাই ছুঁতে পারেনি বিরাট কোহলি। তাছাড়া পেয়েছেন সবকিছু। আসরজুড়ে এমন জমজমাট পারফরম্যান্সের কারণে উন্নতি হয়েছে র্যাংকিংয়ে। সদ্য প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে তার অবস্থান এখন তিনে।
এক বিশ্বকাপে সর্বোচ্চ ৭৬৫ রানের রেকর্ড গড়া কোহলি রেটিং পয়েন্ট এখন ৭৯১। ফাইনালে ভালো করতে না পারলেও যথারীতি শীর্ষস্থানেই আছেন শুবমান গিল। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের বাবর আজমের রেটিং পয়েন্ট ৮২৪। এর আগে ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে টানা এক হাজার ২৫৮ দিন শীর্ষে ছিলেন কোহলি।
২৮ ধাপ এগিয়ে ১৫-তে এসেছেন বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্রাভিস হেড। ভারতকে হারানোর ম্যাচে ১৩৭ রানের অনবদ্য ইনিংস খেলেন হেড। সেমিফাইনালেও তার ব্যাট থেকে আসে ৬২ রানের ঝড়ো ইনিংস।
বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ৭৬৯ রেটিং নিয়ে আছেন তালিকার চার নম্বারে। দুই ধাপ পিছিয়ে পাঁচ নম্বরে নেমে গেছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। বিশ্বকাপে ৫৫২ রান করে পাঁচ ধাপ লাফিয়ে ছয় নম্বরে উঠেছেন কিউই ব্যাটিং অলরাউন্ডার ড্যারিল মিচেল।
বোলারদের মধ্যে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন কেশব মহারাজ। ৭৪১ রেটিং পয়েন্ট তার। চার ধাপ এগিয়ে জশ হ্যাজেলউড উঠেছেন দুই নম্বরে। মহারাজের চেয়ে ৩৮ রেটিং পয়েন্ট কম তার। ভারতের দুই পেসার মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ আছেন যথাক্রমে তিন ও চার নম্বরে। আট ধাপ এগিয়ে মিচেল স্টার্ক আছেন দ্বাদশ স্থানে। সাত ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠেছেন অধিনায়ক প্যাট কামিন্সও।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসান আছেন যথারীতি এক নম্বরেই। তবে দুই ধাপ এগিয়ে নয় নম্বরে উঠেছেন মেহেদী হাসান মিরাজ।