গাজীপুরে অর্থ লেনদেনের জেরে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৫:১১ পিএম

গাজীপুরে টাকা-পয়সা লেনদেনের ঘটনায় এক যুবককে কুপিয়ে হত্যর ঘটনায় চার যুবককে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার পুলিশ।

বুধবার বিকালে বাসন থানার ইটাহাটা এলাকার সাদ্দাম হোসেনের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি চাপাতি ও একটি দা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মো. ইমরান হোসেন (৩৩), মো. শাহ আলম (৩০), মো. শফিকুল ইসলাম (২২) ও শাকিল (২৬)। 

আহ বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ-উত্তর) এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

উপকমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান জানান, গত ২১ নভেম্বর মঙ্গলবার রাত ২টার দিকে বাসন থানার ভোগড়া এলাকার ভোগড়া উত্তর পাড়া জনৈক জয়নাল আবেদীনের পরিত্যক্ত ডোবায় এরশাদ নামে ব্যক্তিকে খুন করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের মা শাহিনা আক্তার বাসন থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারের লক্ষ্যে বাসন থানার একাধিক টিম তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের শনাক্ত ও অবস্থান নির্ণয় করে বুধবার দুপুর ২টার দিকে বাসন থানাধীন ইটাহাটা সাদ্দাম হোসেনের বাড়ি হতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ওই চার আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো. ইমরান হোসেনকে জিজ্ঞাসাবাদে জানায়, গত প্রায় এক সপ্তাহ আগে নিহত এরশাদ এবং আসামী মো. ইমরান হোসেনের সাথে টাকা-পয়সা লেনদেন নিয়ে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। তারই জের ধরে গত মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে আসামি মো. ইমরান হোসেন ভিকটিম এরশাদকে আসামি শাকিলের মাধ্যমে বাসন থানার ভোগড়া এলাকার ভোগড়া উত্তরপাড়া জনৈক জয়নাল আবেদীনের পরিত্যক্ত জায়গায় ডেকে এনে কুপিয়ে হত্যা করে লাশ ওই স্থানে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত আছে বলেও জানান উপকমিশনার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত