গাজায় যুদ্ধবিরতি

দ্বিতীয় দিনে মুক্তি পাচ্ছে ১৩ জিম্মি, ৪২ ফিলিস্তিনি বন্দি

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৩:৪৭ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে ১৩ জিম্মিকে মুক্তির তথ্য জানিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ইতিমধ্যে তাদের একটি তালিকা হাতে পেয়েছে ইসরায়েল।

শুক্রবার (২৪ নভেম্বর) গভীর রাতে এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। খবর আল জাজিরা ও আনাদোলু এজেন্সি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, হামাসের কাছ থেকে জিম্মিদের পাওয়া তালিকাটি পর্যালোচনা করে জিম্মিদের পরিবারকে জানানো হয়েছে।

১৩ জন জিম্মির মুক্তির বিষয়ে জানানো হলেও তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

এদিকে ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে যে যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে ৪২ জন ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। এটি ইসরায়েলি কর্তৃপক্ষের দেওয়া সংখ্যা বলে জানিয়েছে সংস্থাটি।

তালিকায় ১৮ জন মহিলা এবং ২৪ জন নাবালক রয়েছে৷ এছাড়া প্রথমদিনের মতই, অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার বাইরে ওফার কারাগারের মাধ্যমে তাদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে চার দিনের যুদ্ধবিরতি শুরু করে ইসরায়েল এবং হামাস। এই বিরতির প্রথম দিনে ইসরায়েলের কারাগার থেকে ৩৯ ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে ২৪ জন ইসরায়েলি ও বিদেশি জিম্মিকে মুক্তি দেয় হামাস।

ইসরায়েল-হামাসের মধ্যকার এ চুক্তির অধীনে, চার দিনে অল্প অল্প করে বেশ কয়েকজন জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত