মিয়ানমারের একটি জাতিগত সংখ্যালঘু সশস্ত্রগোষ্ঠী জান্তার হাত থেকে চীন-মিয়ানমার সীমান্ত ক্রসিং দখল করে নিয়েছে। নিরাপত্তা সূত্র ও স্থানীয় গণমাধ্যমের বরাতে রবিবার (২৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের শান প্রদেশের উত্তরাঞ্চলে জান্তা ও বিরোধীদের সংঘাত আগের তুলনায় বেড়েছে। তিনটি বিদ্রোহী সংগঠন মিলিত হয়ে জান্তার বিরুদ্ধে লড়ছে। গত অক্টোবর থেকে শুরু হলেও তাদের আক্রমণ এখনো চলছে।
এর মধ্যেই বিদ্রোহী গোষ্ঠীগুলো জান্তার দখলে থাকা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থানের নিয়ন্ত্রণ নিয়েছে। পাশাপাশি একটি শহরেরও নিয়ন্ত্রণ নিয়েছে তারা, যেটি মিয়ানমার ও চীনের প্রধান বাণিজ্যিক রুট।
সাউথ চায়না মর্নি পোস্ট জানিয়েছে, কিইন সান কিয়াউত সীমান্ত গেট দখল করেছে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ)। সেখানে তারা নিজেদের পতাকাও উত্তোলন করেছে।
এ ছাড়া এমএনডিএএ মুসেই ডিস্ট্রিক্টের মংকু এলাকার একটি সীমান্ত বাণিজ্যিক গেট দখল করার কথা জানিয়েছে। তবে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, আরাকান আর্মি (এএ) এবং তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) সীমান্তের অন্যান্য অংশে অবস্থান নিয়েছে।
