গতবার জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণার পর সকল আলো নিজের দিকে কেড়ে নিয়েছিলেন মাশরাফী বিন মোত্তর্জা। এবারে সেই সব আলো সাকিব আল হাসানের দিকে। মাশরাফীর পথ ধরে এবার সাকিব আল হাসানও নিজের অধিনায়কত্ব থাকাকালে সংসদ নির্বাচনে নামতে চলেছেন। মাগুরা-১ আসনে তিনিই এখন আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী।
দীর্ঘদিন জাতীয় দলে একে অন্যের সতীর্থ ছিলেন। এবার রাজনীতির মাঠেও একে অন্যের সঙ্গী হলেন দুজনে। এমন দিনে নিজের সতীর্থ সাকিবকে শুভকামনা জানাতে ভুল করেননি ম্যাশ। ফেসবুকে নিজের প্রোফাইলে সাকিবের ছবি দিয়ে মাশরাফি লিখেছেন, ‘ক্রিকেটের মতোই বিশাল হোক তোর এই পথচলা...। শুভকামনা নেতা...।’
বিগত ১৭ বছর ধরে বাংলাদেশের ক্রিকেটে পোস্টারবয় হয়ে থাকা সাকিবকে আজকের পর থেকে দেখা যাবে রাজনীতির মাঠে। নিজের জন্মস্থান মাগুরা-১ আসনে নির্বাচনে লড়বেন সাকিব আল হাসান। ২২ গজের অধিনায়কের এবার রাজনীতির মাঠে নিজের কারিশমা দেখানোর পালা।
